নওগাঁ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নওগাঁর দুই উপজেলার ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
শনিবার ভোরে মান্দা উপজেলার যশোপাড়ায় ফকিরানী নদীর পূর্ব তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।
এতে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে গেছে। ধসে গেছে অন্তত ৫০টি কাঁচা ঘরবাড়ি।
এলাকাবাসী জানায়, উজান থেকে নামা ঢলে শুক্রবার বিকাল থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। শনিবার ভোরে বাঁধটি ভেঙে যায়।
দুর্গাপুর গ্রামের আব্দুল আজিজ, সমসের আলী, সন্ন্যাসবাড়ী গ্রামের আশরাফ উদ্দীন ও উজ্জ্বল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাঁধের ৬০ ফুট অংশ ভেঙেছে। ভাঙন অব্যাহত থাকায় আরো নতুন নতুন গ্রাম ও ফসলের মাঠ প্লাবিত হচ্ছে।
তারা জানান, ইতোমধ্যে মান্দার বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর, কর্ণভাগ, দুর্গাপুর, নহনা কালুপাড়া, দাসপাড়া, বুনুকপাড়া, ফতেপুর, শহরবাড়ী, দাসপাড়া এবং পাশের আত্রাই উপজেলার হাট কালুপাড়া ইউনিয়নের হাট কালুপাড়া, ক্ষুদ্র বান্দাইখাড়া, সন্যাস বাড়ী, পাহাড়পুর, দরগাপাড়া, শিমলা ও কালিকাপুর ইউনিয়নের পাইকাড়া, কচুয়া, গোয়ালবাড়ীসহ অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।
মান্দা উপজেলা পরিষদের চেয়্যারম্যান একরামুল বারি টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যশোপাড়া গ্রামের কয়েকজন কৃষক খরা মৌসুমে ফসলের মাঠে পানি সরবরাহের জন্য বাঁধের মধ্যদিয়ে পাইপ সংযোগ নেওয়ায় ফাটলের সৃষ্টি হয়। এর ফলেই বাঁধে ভাঙন হয়।
এলাকা পরিদর্শন শেষে তিনি অন্তত ৫০টি কাঁচা বাড়িঘর নষ্ট ও ব্যাপক এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে বলে জানান।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাঁধ ভাঙার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24