২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথা হবে তবে মেপে, পরামর্শ কাদেরের

মন্ত্রীদের সমালোচনাকারী আওয়ামী লীগ নেতাদের সতর্ক করলেন ওবায়দুল কাদের। বললেন, অতিকথনের জবাবে অতিকথন হলে তাও ক্ষতিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের সমালোচনা করার সময় মেপে কথা কথা বলতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। কয়েকজন মন্ত্রীর সমালোচনা করে স¤প্রতি আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের পর তিনি শনিবার এক আলোচনা সভায় বলেন, "অতিকথন ক্ষতিকর। আবার অতিকথনের জবাব অতিকথন হলে তাও ক্ষতিকর। আমরা হুজুগে মেতে উঠেছি; অতিকথনের জবাব দিতে গিয়ে নিজেরাই অতিকথন করছি।" বেহাল মহাসড়ক নিয়ে সরকারি দলের নেতাদের তোপের মুখে রয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এছাড়া কম খাওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, এক দিন বাজারে না যাওয়ার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যেরও সমালোচনা উঠেছে। এছাড়া শুক্রবার এক আলোচনা সভায় দেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছিলেন, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তার এ বক্তব্যেরও সমালোচনা করেন কাদের। তিনি বলেন, "এসব কথা বলে আতঙ্ক সৃষ্টি করার প্রয়োজন নেই। আমরা ক্ষমতায় আছি, কথা না বলে নিরাপত্তার জোরদার করা দরকার।" দলীয় নেতাদের সতর্ক করার পাশাপাশি মন্ত্রীদেরও দায়িত্ব সচেতন হওয়ার পরামর্শ দিয়ে কাদের বলেন, "দেখতে দেখতে আড়াই বছর চলে গেছে। এখন মানুষ আমাদের থেকে কথা শুনতে চায় না, কাজ দেখতে চায়।" বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে সংসদ সদস্য কাদের বলেন, বিরোধী দলহীন সংসদে 'আত্মসমালোচনা' করে সরকারি দলই বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। "সংসদ নেতা উপস্থিত থেকে সে আলোচনা শুনেছেন। সরকারি দল যখন জনগণের ইস্যু নিয়ে তৎপর, তখন বিরোধী দল সংসদের বাইরে অবস্থান করছে, এটা সত্যিই লজ্জাষ্কর।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের সংগঠনের কর্মীদের বেপরোয়া আচরণে হতাশা প্রকাশ করে বলেন, "ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বেপরোয়া আচরণ দেখে মর্মাহত হচ্ছি। তাদের আচরণ আমাদের আশাভঙ্গের কারণ হচ্ছে। ছাত্রনামধারী বেপরোয়া বেয়াদবদের রুখে দাঁড়াতে হবে।" ছাত্রলীগে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করার পরামর্শ দেন তিনি। বিবাহিত ও অছাত্রদের নেতৃত্বে না আনারও আহ্বান জানান তিনি। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ সামাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.