ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সম্পসারিত ভবন উদ্বোধন করে তারা এ আহ্বান জানান।
শেখ রেহানা বলেন, "আমাদের দেশে অনেক ছেলে-মেয়ে ভুল ইতিহাস জানছে। আমি আশা করবো, তারা এখানে এসে সঠিক ইতিহাস জানুক।"
বড় বোন ও প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেন, "এদেশের জনগণ যে সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে, তার সঠিক ইতিহাস সকলের জানার একান্ত দরকার।"
আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সরকারগুলোর সময়ের ইতিহাস বিকৃতির কথাও তুলে ধরেন তারা।
ধানমণ্ডিতে জাদুঘরের স¤প্রসারিত ভবনের নিচতলার হল ঘরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা।
১৯৯৪ সালের ১৪ অগাস্ট বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ বাড়িতে জাদুঘরের কার্যক্রম শুরু হয়।
মূল জাদুঘরের পেছনে ছয় কাঠা জায়গার ওপর স¤প্রসারিত ছয় তলা ভবনের প্রতিটি তলা ৩ হাজার ১০০ বর্গফুট আয়তনের। দ্বিতীয় থেকে চতুর্থ তলায় আছে মূল প্রদর্শনী গ্যালারি, পঞ্চম তলায় পাঠাগার, গবেষণা কেন্দ্র ও জাদুঘর কার্যালয় এবং নিচ তলায় হল ঘর। হল ঘরটি বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের নামে করা হয়েছে। প্রদর্শনী গ্যালারিগুলোতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত ৩১টি থিম স্থান পেয়েছে।
স¤প্রসারিত ভবন উদ্বোধনের জন্য যখন বঙ্গবন্ধুর ছোট মেয়ের নাম ঘোষণা করা হয়, তখন তিনি তার পাশে বসা বড় বোন শেখ হাসিনাকে হাত ঘরে ডায়াসে মাইক্রোফোনের সামনে নিয়ে আসেন।
ডায়াসে এসে শেখ রেহানা কথা না বলে যখন দাঁড়িয়েছিলেন, তখন শেখ হাসিনা ছোট বোনকে বলেন, "তুই বল"।
তখন শেখ রেহানা জাদুঘরের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা যখন ১৯৯৪ সালে এই জাদুঘর শুরু করি- তখনই আমাদের উচিত ছিলো, আরো জায়গা নিয়ে করা।"
বঙ্গবন্ধুর ছোট মেয়ে বড় বোনকে পাশে নিয়ে বলেন, "আমরা বাবা সাধারণ জীবন যাপন করতেন। তাই আমরাও সাধারণভাবেই এ জাদুঘরের কাজ শুরু করি। আমাদের দু'বোনের তো বাঁচার কথা ছিলো না। আমরা হয়তো বেঁচে আছি- সঠিক ইতিহাস জানানোর জন্য।"
ছোট বোনের কাঁধে হাত রেখে মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা এ ঐতিহাসিক ভবনের ইতিহাস তুলে ধরেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালে ধানমণ্ডির এ জায়গাটি পান। তখন এ জায়গার দাম ছিলো দু'হাজার টাকা। পরে এর দাম নির্ধারণ করা হয় ৬ হাজার টাকা। বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের নিয়ে ১৯৬১ সালের ১ নভেম্বর এ বাড়িতে ওঠেন। তখন এটি দু'কামরার একটি এক তলা বাড়ি ছিলো।
শেখ হাসিনা বলেন, "আমরা মা একটা একটা করে কামরা করেছে- এই বাড়ির। পরে এই বাড়িই আন্দোলনের সূতিকাগার হয়।"
বঙ্গবন্ধুর বড় মেয়ে বলেন, "আমরা বাবা কত সরল জীবন যাপন করতো- তা এই বাড়ি দেখলেই বোঝা যায়। বাবা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু, আমরা মা কখনোই এ বাড়ি ছেড়ে যেতে চাননি। তিনি চাইতেন- আমরা সাধারণ জীবন যাপন করি।"
১৯৭৫ এর পর ছয় বছর দেশে ফিরতে না দেওয়া এবং ফেরার পর মিলাদ পড়ার জন্যও জিয়াউর রহমানের নেতৃত্বে থাকা তৎকালীন সরকারের সময় এ বাড়িতে ঢুকতে না দেওয়ার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আমি সামনের রাস্তায় বসে মিলাদ পড়েছি।"
টুঙ্গীপাড়ায় দাদা ও দাদীর সম্পত্তিও ট্রাস্টের নামে দেওয়ার কথা জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, এ জাদুঘর বাঙালি জাতির তীর্থ স্থানে পরিণত হয়েছে। আগামী প্রজন্মের সঠিক ইতিহাস জানার জন্য এ জাদুঘরের গুরুত্ব অপরিসীম।
বঙ্গবন্ধু জাদুঘরে সভাপতি অধ্যাপক এ এফ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, নকশাকারী প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি'র ইকবাল হাবিব, এহসান সহকারি কিউরেটর কাজী আফরীন জাহান।
শিল্পী হাশেম খান, মুনতাসীর মামুন, ভিত্তি স্থপতি'র এসসান খান, ইশতিয়াক জহির তিতাসসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
জাদুঘরের স¤প্রসারিত ভবনের উদ্বোধন শেষে শেখ হাসিনা ও শেখ রেহানা বিভিন্ন তলা ঘুরে দেখেন। এসময়, শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও তার স্ত্রী তাদের সাথে ছিলেন।
এর আগে শেখ হাসিনা www.bangobondhu.org উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24