২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সালিশের বলি মাদারীপুরের ছাত্রী

হবিগঞ্জের রেশ কাটতে না কাটতেই সালিশে নির্যাতনের গ্লানি দূর করতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মাদারীপুরের এক মাদ্রাসা শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

মাদারীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের রেশ কাটতে না কাটতেই সালিশে নির্যাতনের গ্লানি দূর করতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মাদারীপুরের এক মাদ্রাসা শিক্ষার্থী। শিরীণ আক্তার (১৫) নামে দশম শ্রেণীর ওই শিক্ষার্থী শুক্রবার আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ওই দিন সকালেই গ্রামের এক সালিশে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামের শিরীণের মৃত্যুর জন্য সাবেক এক ইউপি সদস্যসহ সালিশকারীদের দায়ী করে তাদের শাস্তি দাবি করেছে তার পরিবার। সালিশে সমাজচ্যুত করার পর গত ১৫ অগাস্ট চার সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিলেন হবিগঞ্জের ফেরদৌসী বেগম। এতে তিনি এবং দুই সন্তান মারা যান। রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলেছে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টের ওই আদেশের ১৫ দিনের মাথায় হবিগঞ্জের ঘটনা ঘটে। হবিগঞ্জের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে হাইকোর্ট পরদিনই প্রশ্ন তোলে, তলব করা হয় সালিশকারীসহ স্থানীয় তিন পুলিশ কর্মকর্তাকে। এত তৎপরতার মধ্যেও চার দিনের মাথায় মাদারীপুরের সালিশের বলি হলো শিরীণ। বড়াইলবাড়ী দাখিল মাদ্রাসায় পড়তেন তিনি। প্রতিবেশী এক জনের সঙ্গে তর্কাতর্কি নিয়ে ওই সালিশ বসানো হয়েছিলো। শিরীণের ভাই মুর্তজা শরীফ সাংবাদিকদের বলেন, শিরীণের একটি ছাগল গত বৃহস্পতিবার প্রতিবেশী শাহ আলম হাওলাদারের চারা আম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে শিরীণের সঙ্গে শাহ আলমের তর্কাতর্কি হয়। শাহ আলম এক পর্যায়ে শিরীণকে লাঠি দিয়ে পায়ে কয়েকটি আঘাত করে। এ ঘটনা শিরীণ তার মা হাজেরা খাতুনকে জানালে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহসিন বেপারীর কাছে নালিশ করেন। "শুক্রবার সকালে মহসিন বেপারী, আক্কাস বেপারী, আক্কাস চৌকিদার, রশিদ আকনসহ গ্রামের মাতবররা সালিশে শিরীণকে দোষী সাব্যস্ত করে। এরপর শাহ আলমের পা ধরে ক্ষমা চাইতে শিরীণকে বাধ্য করা হয়। শিরীণের গায়েও হাত তোলে মাতবররা", বলেন শিরীণের ভাই। তিনি বলেন, ঘটনার পর থেকেই শিরীণ বাড়ি ফিরে কান্নাকাটি করছিলো। এরপর কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে সে। এ বিষয়ে মহসিন বেপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সালিশ করার কথা স্বীকার করেন। "সালিশ করেছি। তবে শিরিনের গায়ে আমরা হাত দেইনি", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শিরীণের লাশ শুক্রবার রাতেই পুলিশ মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.