ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৫৪ বছর পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের পক্ষকাল আগে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সীমানা চিহ্নিতকরণ নকশা (বর্ডার স্ট্রিপ ম্যাপ) সই শুরু হয়েছে।
ঢাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নকশা সই শুরু হয়।
নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিম এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রাজিত মিত্র আনুষ্ঠানিকভাবে কয়েকটি নকশায় সইয়ের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু করেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) এবং বাংলাদেশ জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের পাঁচটি সেক্টরে বিস্তৃত ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের জন্য মোট ১ হাজার ১৪৯টি নকশা (ম্যাপ) তৈরি হয়েছে। এসব নকশার অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারত তৈরি করেছে।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে ভূমি সীমানা নির্ধারণ দলের প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ জানান, উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে এসব সীমান্ত নকশা চূড়ান্ত করা হয়েছে। দুই হাইকমিশনার এসব নকশার প্রত্যেকটির আটটি করে কপিতে স্বাক্ষর করবেন। যার চারটি করে কপি উভয় দেশে সংরক্ষিত থাকবে।
সীমানা চিহ্নিত করার নকশায় সইয়ের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যে বিরাজমান সীমান্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে। এতদিন এসব সীমানা কার্যত মৌখিকভাবে স্বীকৃত থাকলেও এর মাধ্যমে আইনগত ভিত্তি তৈরি হলো।
তবে দুই দেশের মধ্যে এখনো ৬ দশমিক ৫০ কিলোমিটার সীমান্তের সীমানা নির্ধারণের বিষয়টি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে কিছু অপদখলীয় এলাকাও রয়েছে। অচিরেই উভয় দেশের প্রতিনিধিরা বৈঠক করে এসব অনিষ্পন্ন ও অপদখলীয় এলাকার বিষয়েও চূড়ান্ত নকশা প্রণয়ন করবে বলে জানান যুগ্ম সচিব।
ভারত বিভাজনের পর ১৯৪৭ সালে প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের কাজ শুরু হয়। এর ভিত্তিতে ১৯৫৬ সালে সীমানা চিহ্নিত নকশার একটি প্রাথমিক খসড়া সই হয়। তবে ওই প্রক্রিয়া আর এগোয়নি। এর মধ্যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার ১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে 'ভূমি সীমানা চুক্তি' স্বাক্ষর হয়। এ চুক্তির আলোকে উভয় দেশের সীমানা নির্ধারণের কাজ শুরু হয়। তবে দীর্ঘদিন ধরেই কাজটি ঝুলে থাকে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এ বিষয়টি আবারো সামনে আসে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সীমানা নির্ধারণে সীমান্ত জরিপের কাজ করে বাংলাদেশ জরিপ সংস্থা এবং দেশের অন্য এলাকার জরিপের কাজ করে ডিএলআরএস।
ডিএলআরএস'র তথ্য অনুযায়ী, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের ২ হাজার ২৬২ কিলোমিটার এলাকার জন্য ৬২৮টি, বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তের ৮৭৪ কিলোমিটারের জন্য ২৬৯টি, বাংলাদেশ-আসাম সীমান্তের ২৬৪ কিলোমিটারের জন্য ৯৩টি এবং বাংলাদেশ-মেঘালয় সীমান্তের ৪৩৬ কিলোমিটারের জন্য ১৩৯টি নকশা তৈরী করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ-মিজোরাম সীমান্তের ৩২০ কিলোমিটার সীমানার জন্য বাংলাদেশ জরিপ সংস্থা ২০টি নকশা তৈরি করেছে বলে জানিয়েছেন সংস্থার সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুল হক।
নকশা স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, ভূমি সচিব মোখলেছুর রহমান এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে অনুষ্ঠানে যোগ দেন ভারতের বাউন্ডারি সেলের প্রধান মেজর জেনারেল গিরিশ কুমার এবং ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক শাখার কাউন্সেলর এম সুবাইডু।
অনুষ্ঠানে তিন মন্ত্রীই এ স্বাক্ষর অনুষ্ঠানকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেন, এ স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের সীমান্ত সীমানা বৈধ আইনি স্বীকৃতি পাবে। যা উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
ছিটমহল সমস্যা সমাধান মনমোহনের সফরে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময় সমাধান হবে উভয় দেশের মধ্যে বিরাজমান ছিটমহল সমস্যার। এ সময় উভয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মধ্য দিয়ে ছিটমহলগুলো বিনিময় করা হবে। ফলে বাংলাদেশ ভারতীয় ছিটমহলের এবং ভারত বাংলাদেশি ছিটমহলগুলোর মালিকানা পাবে।
বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরের ভারতের ১১১টি এবং ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। ভারতীয় ছিটমহলগুলোর বর্তমান জনসংখ্যা ৩৭ হাজার। বাংলাদেশি ছিটমহলগুলোতে মানুষ রয়েছে ১৪ হাজার।
আগামী ৬ সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন। তার সফরে ছিটমহল ও ভূমি বিরোধ ছাড়াও তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24