২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থ মন্ত্রীদের বিদায় দিন, হাসিনাকে ইনু

যোগাযোগ, স্বরাষ্ট্র, অর্থ ও বাণিজ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে 'ব্যর্থ' মন্ত্রীদের অপসারণ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ, স্বরাষ্ট্র, অর্থ ও বাণিজ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে 'ব্যর্থ' মন্ত্রীদের অপসারণ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের এক মানববন্ধন কর্মসূচিতে ইনু বলেন, ব্যর্থ মন্ত্রীদের কারণে সরকারের জনপ্রিয়তা কমছে। জাসদ সভাপতি বেহাল মহাসড়ক, পুলিশের ভূমিকা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুঁজিবাজারে দরপতনের বিষয়টি তুলে ধরেন। ঈদের আগেই মহাসড়কগুলো মেরামত করে জনদুর্ভোগ অবসানের দাবি জানান তিনি। বেহাল মহাসড়ক নিয়ে গত বৃহস্পতিবার সংসদেও যোগাযোগ ও অর্থমন্ত্রীর সমালোচনা করেছিলেন সংসদ সদস্য ইনু। সেদিন ইনুর পাশাপাশি সরকারি দলের কয়েক জন সংসদ সদস্যও কয়েকজন মন্ত্রী বিশেষ করে অর্থ, যোগাযোগ ও বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করেন। মানববন্ধনে ইনু দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, "জনগণ এখন আইনের ওপর আস্থা রাখতে পারছে না। পুলিশের নাকের ডগায় মানুষ পিটিয়ে মারা হচ্ছে। মা সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিচ্ছে। এগুলো আমাদের লজ্জার কারণ।" দেশের অবনতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ২১ অগাস্টের গ্রেনেড হামলাকারী, যুদ্ধাাপরাধীসহ বিদেশে অর্থ পাচারকারীরা নিজেদের আড়াল করার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংযুক্ত 'রাষ্ট্রধর্ম ইসলাম' বাদ দেওয়ার দাবি জানিয়ে বলেন, "সংবিধানকে ৭২'এর মূলনীতির সঙ্গে একাত্ম না করলে মানুষের সঙ্গে বেঈমানি করা হবে।" জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত এ কর্মসূচিতে মূল দাবি ছিলো সড়ক সংস্কার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পুঁজিবাজার স্থিতিশীল করা, দ্রব্যমূল্য কমানো ইত্যাদি। মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আক্তার, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তাফসির আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৪০০ ঘ.