২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকসভায় রুখে দাঁড়ানোর প্রত্যয়

শোককে শক্তিতে রূপান্তর করে দুর্ঘটনাসহ সব অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর তন্ময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 07:40 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোককে শক্তিতে রূপান্তর করে দুর্ঘটনাসহ সব অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর তন্ময়। শুক্রবার বিকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজে এক শোকসভায় তিনি বলেন, "সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এসেছে।" গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে ওই দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচ জন প্রাণ হারান। তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলিসহ আহত হন চারজন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সাবেক ছাত্র মিশুক মুনীরসহ ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে 'ইউনিভার্সিটি ল্যাবরেটরি প্রাক্তণ ছাত্র-ছাত্রী সমিতি' (ইউলেসা) এই শোকসভার আয়োজন করে। মিশুক মুনীরের স্মৃতি গ্রন্থিত করার আহ্বান জানিয়ে আসিফ মুনীর বলেন, "প্রথার বাইরের মানুষ মিশুকের কাছে যারাই এসেছে, তারাই তার গুণমুগ্ধ হয়েছে, ভক্ত হয়ে পড়েছে।" সাংবাদিকতার সাবেক শিক্ষক মিশুক মুনীরের স্কুল-কলেজের সহপাঠী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ম. তামিম বলেন, "মিশুককে হারিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে। তবে আমি হতাশাবাদী নই। সে যাদের শিখিয়েছে, তারা তার কাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে।" পুরনো বন্ধুর কথা স্মরণ করে তামিম বলেন, "মানুষকে আকর্ষণ করার প্রবল ক্ষমতা ছিল মিশুকের। সে এতোটা প্রভাব ফেলতে পারতো যে, যার সাথে সে পাঁচ মিনিট কথা বলেছে, সেই তার প্রতি আকৃষ্ট হয়েছে।" মানিকগঞ্জের সেই দুর্ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান চলচ্চিত্র লেখক ও গবেষক মনীস শফিক। তিনি বলেন, "ওই পাঁচজনের (মিশুক, তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও জলি) মধ্যে যে মিল- তা ছিল অসাধারণ। এমন নির্মম ঘটনার সাক্ষী হয়ে কেন আমি বেঁচে আছি- তা জানি না।" সড়ক দুর্ঘটনার প্রতি আর কতদিন সবাই 'বোধহীন' হয়ে থাকবে- এমন প্রশ্ন রেখে মিশুক মুনীরের শিক্ষক আবু তাহের বলেন, "মিশুক মরে গেলেও তার কাজের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছে। জাতীয়ভাবে এক নবজাগরণের সৃষ্টি করেছে।" মিশুকের ছেলে সুহৃদ সেবাস্তিয়ান মুনীরও এই সভায় উপস্থিত ছিলেন। ইউলেসা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ সেলিনা বানু, ইউলেসা সাধারণ সম্পাদক ফজল মোহাম্মদ খান, সাবেক শিক্ষক সাদেকুন নাহার ও জাহানারা ইসলাম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১৩৫ ঘ.