সিলেট, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম বিয়েতে বাধা দেওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক ব্যক্তি স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরেক স্ত্রী।
এ হামলার অভিযোগে পুলিশ তাদের স্বামী শাহজাহান মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুুপুরে হরিপুর ইউনিয়নের উতলারপাড় এলাকায় এ ঘটনায় নিহত হন শাহজাহান মিয়ার দ্বিতীয় স্ত্রী হাওয়ারুন্নেচ্ছা (৩৫)।
আহত ফাতেমা বেগম (৪০) তার প্রথম স্ত্রী। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি আব্দুল জলিল জানান, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হরিপুর কার্যালয়ের নৈশপ্রহরী শাহজাহান মিয়া গত ৩০ বছরে সাতটি বিয়ে করেছেন। অষ্টম বিয়ে করতে চাইলে ফাতেমা বেগম ও হাওয়ারুন্নেচ্ছা বাধা দেন।
এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শাহজাহান মিয়া দা দিয়ে কুপিয়ে তাদের আহত করেন। সন্ধ্যায় হাসপাতালে হাওয়ারুন্নেচ্ছা মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১১ ঘ.
bdnews24