২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা নিয়ে ইউএনএফপিএর উদ্বেগ

বাংলাদেশে নারী নির্যাতন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. বাবাটুন্ডে ওসেটিমেহিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নারী নির্যাতন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. বাবাটুন্ডে ওসেটিমেহিন। তবে মাতৃমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিন শুক্রবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে বাবাটুন্ডে বলেন, বাংলাদেশকে নারীর জন্য একটি নিরাপদ জায়গা হিসেবে দেখতে চান তারা। নারীর প্রতি 'মানবিক' হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের বোন ও মেয়েদের' প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সহযোগিতা করতে হবে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাবাটুন্ডে এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মানিকগঞ্জে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘুরে দেখেন। এদেশে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যালোচনাই ছিলো বাবাটুন্ডের এই সফরের মূল লক্ষ্য। স্বাস্থ্যসচিব হুমায়ুন কবির বুধবার ইউএনএফপিএর নির্বাহী পরিচালকের সঙ্গে এক বৈঠকে বলেন, বাংলাদেশে শতকরা ৬০ ভাগ নারী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হন, যা মাতৃ স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ। ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে সরকারের সঙ্গে কাজ করছে ইউএনএফপিএ। এ ছাড়া নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য সহায়তা কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে। "এক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে ইউএনএফপিএ। তবে এ প্রচেষ্টার সফলতার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।" নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো ও শিক্ষার প্রসারের ওপরও গুরুত্ব দেন তিনি। গত ৩৫ বছরে নারীর সংখ্যার বিপরীতে সন্তান জন্মদানের হার ৬ দশমিক ৩ থেকে কমিয়ে ২ দশমিক ৫-এ আনতে পারায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান বাবাটুন্ডে। তিনি বলেন, "তবে এখনো অনেক নারী আছে যারা গর্ভধারণে অনিচ্ছুক, অথচ জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি গ্রহণ করেন না। "অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমি তাকে পরিবার পরিকল্পনা এবং তরুণ-তরুণীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনিও এ বিষয়ে একমত হয়েছেন।" গত পাঁচ বছরে এ খাতে বাংলাদেশকে অন্তত চার কোটি ডলার অনুদান দিয়েছে ইউএনএফপিএ। মাতৃমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বাবটুন্ডে বলেন, বাল্যবিবাহ নিষিদ্ধ ও সে আইন বাস্তবায়নে সরকারের আন্তরিক প্রচেষ্টা এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ১৯৯০ থেকে ২০১০ সালে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ৫৭৪ জন থেকে কমে ১৯৪ জনে দাঁড়ায়। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নাইজেরিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাবাটুন্ডে বলেন, মা ও নবজাতকের কল্যাণে স্বাস্থ্যসেবীদের আন্তরিক চেষ্টা দেখে তিনি 'অভিভূত'। অন্যদের মধ্যে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/০০১৫ ঘ.