২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিজিবি-জনতা সংঘর্ষে আহত ২

ট্রেনে তল্লাশিকালে বিজিবি ও জনতার সংঘর্ষে দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জয়পুরহাট, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে তল্লাশিকালে বিজিবি ও জনতার সংঘর্ষে দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে জয়পুরহাট রেল স্টেশনে এ সংঘর্ষে আহত হন বিজিবি সদস্য মাহবুবুর রহমান ও স্থানীয় যুবক মোহাম্মদ আলী জিন্নাহ্। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। জয়পুরহাটের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, দুপুর পৌনে ১টায় পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করে। এ সময় ফেনসিডিল আছে সন্দেহে বিজিবি সদস্যরা একটি বগির দরজার পাশের অংশ ছেনি-বাটাল দিয়ে কাটতে গেলে স্টেশন মাস্টার বাধা দেন। ট্রেন আটকে রাখায় এক পর্যায়ে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর নিয়ে কথা কাটাকাটির জেরে বিজিবি সদস্য ও ট্রেন যাত্রীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিজিবির পিটুনিতে আহত হন জিন্নাহ এবং জনতার ছোঁড়া পাথরের আঘাতে রক্তাক্ত জখম হন বিজিবি সদস্য মাহবুব। জয়পুরহাট-৩ বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ট্রেনের পানির ট্যাংকের মধ্যে ভারতীয় পণ্যসহ ফেনসিডিল পাচার হচ্ছিল বলে খবর পান তারা। উদ্ধার করতে গেলে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর হামলা করে। তিনি জানান, এ নিয়ে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩৪২ ঘ.