২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি-পরিচয় সবই ভুয়া

নামের পাশে তার এমবিবিএস, ডিওএএস, পিআরআইয়ের মতো ডিগ্রি থাকলেও নেই কোনো লেখাপড়া। পাল্টে ফেলেছেন ধর্মীয় পরিচয়ও। এ রকমই এক 'চিকিৎসকের' সন্ধান মিলেছে গোপালগঞ্জে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

মনোজ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোপালগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নামের পাশে তার এমবিবিএস, ডিওএএস, পিআরআইয়ের মতো ডিগ্রি। যে কেউ 'বিশেষজ্ঞ চিকিৎসক' বলেই মেনে নেবেন। তবে বাস্তবে এই 'চিকিৎসকের' এ বিষয়ে নেই কোনো লেখাপড়া। পাল্টে ফেলেছেন ধর্মীয় পরিচয়ও। এমনই এক চিকিৎসকের সন্ধান মিলেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। হিন্দু ধর্মাবলম্বী হলেও নান্টু বিশ্বাস (৪২) নামের এই ব্যক্তি মো. এন বিশ্বাস (অলিয়ার) নামে রোগী দেখছিলেন দীর্ঘদিন। চিকিৎসক সেজে প্রতারণার অপরাধে শুক্রবার কাশিয়ানীর স্টার চক্ষু হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নান্টুর বাড়ি নড়াইলের নড়াগাতী থানার ব্রাহ্মণ পাটনা গ্রামে। তার বাবার নাম পঞ্চানন বিশ্বাস। কাশিয়ানী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সারওয়ার কামাল তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এর আগে কাশিয়ানীর স্টার চক্ষু হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ম্যাজিস্ট্রেটের কাছে নান্টু নিজেকে ভুয়া চিকিৎসক বলে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, "ক্লিনিক মালিকদের সঙ্গে অর্থ ভাগাভাগি করে দীর্ঘদিন ধরে নান্টু এ কাজ করছিলেন বলে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছেন। এর আগে নড়াইলের লোহাগড়ার জেড এন ফার্মেসি, ফরিদপুরের আলফাডাঙ্গার দেবদাস হোমিও ফার্মেসি, গোপালগঞ্জের মকসুদপুরের রায় ফার্মেসিতেও তিনি রোগী দেখতেন।" গোপালগঞ্জ সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মো. সিরাজুল ইসলাম বলেন, "মো. এন বিশ্বাসের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো অনুমোদন নেই।" এর আগে গত বছর গোপালগঞ্জ শহরের একটি চেম্বারে রোগী দেখার সময় পুলিশ তাকে আটক করেছিলো। তবে সে সময় ভবিষ্যতে আর এ কাজ করবেন না- এমন শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ বিষয়ে জানতে চাওয়া হলে কাশিয়ানী স্টার চক্ষু হাসপাতালের মালিক মো. রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মো. এন বিশ্বাস গত ২ বছর ধরে কাশিয়ানীতে রোগী দেখছেন। তিনি ভুয়া কি না তা আমার জানার কথা নয়। তার শিক্ষা সংক্রান্ত কাগজপত্র অন্য চিকিৎসকদের দেখিয়েই আমার হাসপাতালে তাকে বসতে দিয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএইচ/এএল/২২৩৬ ঘ.