২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ন্যায্যমূল্যে চিনি বিক্রি করছে আ. লীগ

সরকার চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে অস্থিরতার কারণে চট্টগ্রামে 'ন্যায্যমূল্যে' চিনি বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে অস্থিরতার কারণে চট্টগ্রামে 'ন্যায্যমূল্যে' চিনি বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার বিকালে নগরীর লালদীঘির পাড়ে আনুষ্ঠানিকভাবে এই 'চিনি বিক্রি কার্যক্রমের' উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে চিনি বিক্রি করছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। "বাজার স্থিতিশীল রাখতে এবং মানুষের দুর্ভোগ কমাতে ন্যায্যমূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি আমরা।" নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী ও আওয়ামী লীগ নেতা আবুল মনসুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালদীঘির পাড়ে ছয়টি স্টলে ৬৪ টাকা কেজি দরে প্রতিদিন ৬ টন চিনি বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব স্টলে চিনি পাওয়া যাবে। প্রত্যেক ক্রেতা একবারে সর্বোচ্চ তিন কেজি চিনি কিনতে পারবেন। চিনি আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠান এস আলম গ্র"পের মিল গেট থেকে এই চিনি কিনে আনা হবে বলে জহর লাল জানান। তিনি বলেন, "২৭ অগাস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। শনিবার থেকে চিনির পাশাপাশি সয়াবিন তেলও বিক্রি করা হবে। তবে সয়াবিনের দাম এখনো ঠিক করা হয়নি।" রমজান সামনে রেখে গত ২০ জুলাই খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০৯ টাকা নির্ধারণ করে দেয় সরকার। দাম নির্ধারণের পরপরই রাজধানীসহ মহানগরগুলোতে চিনির ব্যাপক সংকট দেখা দেয়। দোকানে থাকলেও লাভ কমে যাওয়ায় অনেক খুচরা বিক্রেতা চিনি বিক্রি বন্ধ রাখেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/জেকে/২১৫৭ ঘ.