২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শনিবার থেকে পরিবহন ধর্মঘট

বাস ও ট্রাক টার্মিনাল সংস্কার এবং মহাসড়কে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

রংপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ও ট্রাক টার্মিনাল সংস্কার এবং মহাসড়কে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শুক্রবার বিকালে রংপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, দীর্ঘদিন ধরেই তারা এসব দাবি করে আসছেন। এ নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে কাজ হয়নি। "সংস্কারের অভাবে সামান্য বৃষ্টি হলেই টার্মিনাল বাস চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। টার্মিনাল ভবনের ছাদ দিয়েও পানি পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।" ট্রাক টার্মিনালের পরিস্থিতিও একই রকম বলে জানান তিনি। এম এ মজিদ বলেন, "সমস্যা সমাধানের জন্য পৌর মেয়রকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই শনিবার থেকে রংপুর জেলায় সব ধরনের বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংক লরি, ঢাকাগামী কোচ, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিক আপ, বেবি ট্যাক্সিসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।" অবশ্য রংপুর পৌরসভার মেয়র আব্দুর রঊফ মানিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস ও ট্রাক টার্মিনাল এবং কোচ স্টান্ড সংস্কারে বরাদ্দের অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় সেগুলো সংস্কারের জন্য শ্রমিকরা যে দাবি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। তবে তাদের বাকি দাবিগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। সংবাদ সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার মো. মোকসেদ আলী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৮৪৭ ঘ.