ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে রঙ ও সুতার দাম অনেক কমলেও উৎপাদিত পণ্যের দাম কমেনি। গত ছয় মাসে সুতার দাম কার্টন প্রতি কমেছে সাত থেকে আট হাজার টাকা, অথচ এ সময়ে তৈরি কাপড়ের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের পাইকারি কাপড়ের হাট, খলিফাপট্টি, এস এ রোড এবং বড় বাজারে গিয়ে এসব চিত্রের দেখা মেলে। এ নিয়ে কারখানা মালিক এবং পাইকারি ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করছেন।
এনায়েতপুরের পাইকারি তাঁতের শাড়ি বিক্রেতা ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটা তাঁতের শাড়ির দাম গত বছরের চেয়ে জোড়াপ্রতি ১৪০ থেকে ১৮০ টাকা বেড়েছে। রঙ ও সুতার দাম কমলেও তাঁত মালিকরা ঈদের আগে চাহিদা বেশি থাকায় আগের দামেই শাড়ি বিক্রি করছে। ফলে ক্রেতারাও বেশি দামেই কিনতে বাধ্য হচ্ছে।
শহরের রহমতগঞ্জ মহল্লার পাইকারি লুঙ্গি বিক্রেতা রিমন জানান, গতবারের চেয়ে দ্বিগুণ দামে লুঙ্গি বিক্রি হচ্ছে।
"অনেক দিন বাজার মন্দা ছিলো। সে সময় মহাজনদের ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতেই আগের তৈরি করা কাপড় আর এখন তৈরি করা কাপড় দুটো মিলিয়ে তারা দাম ধরছে", বলেন তিনি।
রিমন জানান, গত বছর যে লুঙ্গি ৪২০ টাকা থান (৪ পিস) বিক্রি করতেন, এখন তা ৭৬০ টাকায় বিক্রি করছেন।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা দাবি করেন, আগের উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও পোশাক সামগ্রী বাজারজাত করার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
কম দামে কেনা রঙ ও সুতায় উৎপাদিত সামগ্রী আগামী ঈদুল আজহার (কুরবানির ঈদ) আগে বাজারে আসবে বলে জানান তিনি।
বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার সিরাজগঞ্জের লিয়াঁজো কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, ২০০৯ সালের শেষ দিক থেকে ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ে। যে সুতা ১০০ টাকা পাউন্ড ছিলো তার দাম ৩০০ টাকা পর্যন্ত উঠে। কিন্তু গত ৬ মাসে পর্যায়ক্রমে পাউন্ড প্রতি সুতার দাম ৭০/৮০ টাকা কমেছে। অর্থাৎ কার্টন প্রতি কমেছে সাত থেকে আট হাজার টাকা।
তবে রঙয়ের দাম কমার বিষয়ে নির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি ওই কর্মকর্তা।
সুলতান বলেন, "ঈদ উপলক্ষে কাপড়ের চাহিদা বেড়ে যাওয়ায় রঙ ও সুতার দাম কমলেও ব্যবসায়ীরা ইচ্ছে করেই তাদের উৎপাদিত পণ্যের দাম বেশি নিচ্ছে। বাজার তদারকি করেও কোনো লাভ হয় না।"
দাম বেশি থাকার কারণ দেখিয়ে তাঁত মালিক বেলকুচির মুকন্দগাতির হাজী রহমত আলী বলেন, "সুতার দাম কার্টনে ৭/৮ হাজার টাকা কমেছে এটা সত্য। কিন্তু রঙয়ের দাম উঠানামা করছে। শাড়িগুলো আগে উৎপাদন করায় এখনো বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।"
বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশন এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ লাখ সচল তাঁত রয়েছে। যার সঙ্গে যুক্ত প্রায় ১৫ লাখ মানুষ।
তাঁত বোর্ড জানায়, সিরাজগঞ্জেই রয়েছে প্রায় ১ লাখ তাঁত। যেখানে কাজ করে প্রায় ৩ লাখ শ্রমিক। প্রতি মাসে জেলায় ১ কোটি ৩১ লাখ ১৫ হাজার মিটার শাড়ি, ৪৮ লাখ ৯৭ হাজার মিটার লুঙ্গি, ২১ হাজার মিটার বেডশিট, ৪০ হাজার মিটার গামছাসহ প্রায় ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার মিটার তাঁত পণ্য উৎপাদিত হয়ে থাকে।
উন্নত লুঙ্গির পাইকারি ব্যবসায়ী শহরের শহিদগঞ্জ মহল্লার আসলাম হোসেন জানান, রঙ ও সুতার দাম কমায় তিনি প্রতি থান লুঙ্গি ৪০ টাকা কমিয়ে ৯০০ টাকায় বিক্রি করছেন।
তিনি বলেন, "অধিকাংশ পাইকারি ব্যবসায়ীর নিজস্ব কারখানা না থাকায় মহাজনদের ওপর নির্ভর করতে হয়। তারা দাম না কমালে তাদের কিছু করার নেই।"
তবে তাঁত মালিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটির সুজাবত আলী বললেন ভিন্ন কথা। তিনি বলেন, "গত ৬ মাসে পর্যায়ক্রমে রঙ ও সুতার দাম কমেছে সত্য। কিন্তু আগের উৎপাদিত লুঙ্গি মজুত থাকায় বর্তমান বাজারের সাথে সমন্বয় করা সম্ভব হচ্ছে না।"
তারপরও সপ্তাহ খানেক আগ থেকে থান প্রতি ৫০/১০০ টাকা কমে লুঙ্গি বিক্রি করার কথা জানান সুজাবত। তিনি অভিযোগ করেন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাই দাম কমাচ্ছে না।
শহরের মাছিমপুর গ্রামের খুচরা কাটা প্রিন্ট শাড়ি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, গত বছর যে শাড়ি ১৫০/১৬০ টাকায় বিক্রি হতো। সেগুলো এখন ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি দাবি করেন, কারখানা মালিকরা দাম না কমানোর কারণে বেশি দামে শাড়ি বিক্রি করতে হচ্ছে।
শহরের এসএস রোড, খলিফাপট্রি, বড়বাজারের বিপণি বিতানগুলো ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে প্রতিটি দোকানেই বাহারি পোশাকে সয়লাব। ক্রেতাদের অভিযোগ তাদের কাছে দাম হাঁকা হচ্ছে ইচ্ছেমতো।
খলিফাপট্টিতে কাপড় কিনতে আসা ইকবাল হোসেন বলেন, "রঙ ও সুতার দাম কমলেও ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো দামে পোশাক বিক্রি করছে।"
বাজার তদারকিতে সরকারের পদক্ষেপ চেয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১১৪০ ঘ.
bdnews24