২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি ইমামের গ্রেপ্তার বিদ্বেষপ্রসূত নয়: পুলিশ

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়ার মুখে টরন্টো পুলিশ বলেছে, বিদ্বেষ থেকে নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মোহাম্মদ মাসরুরকে গ্রেপ্তার করেছে তারা। টরন্টো থেকে জানাচ্ছেন আফসান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 09:05 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

আফসান চৌধুরী টরন্টো থেকে টরন্টো, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে কানাডার টরন্টোয় এক বাংলাদেশি ইমাম গ্রেপ্তার হওয়ার পর সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মুসলিম বিদ্বেষ থেকে হয়রানিমূলকভাবে নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ মাসরুর (৪৮) নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ অগাস্ট তাকে গ্রেপ্তার করার পর শিক্ষার্থীদের যৌন হয়রানির ১৩টি অভিযোগ এনেছে টরন্টো পুলিশ। কানাডা পুলিশের কনস্টেবল কারেন আর্মস্ট্রং সাংবাদিকদের বলেন, ২০০৮ এর ১ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জুলাইয়ের মধ্যে এসব ঘটনা ঘটিয়েছেন মাসরুর। টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটি এবং বিভিন্ন বাসায় কোরআন পড়ানোর সময় এই ইমাম ধর্মীয় নেতা হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করেন বলেও পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাসরুরের বিরুদ্ধে আরো আগেই অভিযোগ পেলেও কয়েক সপ্তাহ তদন্ত চালিয়ে নিশ্চিত হওয়ার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কানাডা আসার আগে এই বাংলাদেশি ইমাম ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রেও বসবাস করেছেন বলে জানিয়েছেন আর্মস্ট্রং। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে মাসরুরের যৌন হয়রানির শিকার হিসেবে পাঁচজনের কথা উল্লেখ করা হলেও 'তদন্তের স্বার্থে' তাদের বয়স বা পরিচয় গোপন রাখা হয়েছে। মাসরুরকে আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হচ্ছে কি না- সে বিষয়েও সাংবাদিকদের কিছু জানাননি আর্মস্ট্রং। এদিকে টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটিতে নিয়মিত যাতায়াত করেন এমন অনেকেই মাসরুরের গ্রেপ্তারের খবরে বিষ্ময় প্রকাশ করেছেন। মোহাম্মদ আব্দুল হালিম নামে এক প্রবাসী বাংলাদেশি বৃহস্পতিবার বলেন, "আমি আট বছর ধরে এই মসজিদে আসি। মোহাম্মদ মাসরুরকে আমি ভালো মানুষ হিসেবেই জানি। যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা অবিশ্বাস্য।" মুসলিম হওয়ার কারণেই মাসরুরকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অবশ্য এর উল্টো প্রতিক্রিয়াও দেখিয়েছেন কেউ কেউ। ভ­াদতেপেস ডটকম নামের একটি ব্লগে এক পাঠক লিখেছেন, ঘটনার শিকার শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক- এটা নিশ্চিত হওয়ার পরও পুলিশ তাদের বয়স প্রকাশ করেনি। আসলে এভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আরো বেশি সমালোচনার হাত থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। আসামি একজন মুসলমান হওয়ার কারণেই পুলিশ এটা করছে। এসব বিষয়ে আর্মস্ট্রং সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারের মাধ্যমে কাউকে হয়রানি করা হচ্ছে না। বরং যাদের অভিযোগে এই গ্রেপ্তার হয়েছে তারাই আসলে হয়রানির শিকার হয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/জেকে/১৫০৪ ঘ.