চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন চালু হওয়া 'ফলিত ও পরিবেশ রসায়ন' বিভাগে এবার ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সব মিলিয়ে ১২টি বিভাগে øাতক শ্রেণীতে ১৩১টি আসন বাড়ছে এবার।
বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ সেপ্টেম্বর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
তিনি বলেন, "ইউজিসির অনুমোদন পাওয়া নতুন বিভাগ 'ফলিত ও পরিবেশ রসায়ন' বিভাগে এবার ২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্য ১১টি বিভাগে আসন বেড়েছে ১০৬টি।"
এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ইতিহাস বিভাগে ১০টি, আরবি বিভাগে ১০টি, ইসলামিক স্টাডিজে ১০টি ও প্রাচ্যভাষায় (পালি ও সংস্কৃত) ২০টি। সমাজ বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগে ২৫টি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬টি আসন যোগ হচ্ছে।
অন্যদিকে বিজ্ঞান অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঁচটি; ফলিত পদার্থবিদ্যা ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঁচটি; জীব বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যায় পাঁচটি, মৃত্তিকা বিজ্ঞানে পাঁচটি ও মনোবিজ্ঞান বিভাগে পাঁচটি আসন বাড়ানো হয়েছে।
উপ পরীক্ষা নিয়ন্ত্রক ফজলুল হক পাশা জানান, গত বছর (২০১০-১১ শিক্ষাবর্ষে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৩৫টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে মোট ৩ হাজার ৬৬০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। আর এবার ৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
তিনি বলেন, "গত বছরের মতো এবারো শিক্ষার্থীরা টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে। ফিরতি এসএমেসে একটি পিন নম্বর দেওয়া হবে। যে সব শিক্ষার্থীর আবেদন কর্তৃপক্ষ গ্রহণ করবে, তাদের প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে পিন নম্বর ব্যবহার করে ডাউনলোড করা যাবে।"
এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২৩৫৬ ঘ.
bdnews24