২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম গাইবান্ধার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত

প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রাম ও গাইবান্ধার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 06:09 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রাম ও গাইবান্ধার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। কুড়িগ্রামেরও কুড়িগ্রাম সদর, রৌমারী, রাজিবপুর, উলিপুর, চিলমারী ও নাগেশ্বরী উপজেলায় বুধবার রাতে রাজিবপুরের বালিয়ামারী এলাকায় জিঞ্জিরাম নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় প্লাবিতক হয়েছে। তিস্তা নদীর ডান তীর বাধ ভেঙে গাইবান্ধার তিন ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয় একই রাতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্লাবনে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির আমন ক্ষেত, বীজতলা ও সবজি ক্ষেত। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোরসহ জেলার ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। "বিভিন্ন উপজেলার নদীতীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ২৫ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়েছে।" গত ২৪ ঘণ্টায় ধরলায় ৩৯ সেন্টিমিটার, তিস্তায় ২ সেন্টিমিটার, ব্রক্ষপুত্রে ২৭ সেন্টিমিটার ও দুধকুমোর নদীতে ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান জানান, রৌমারীর ৫৬টি গ্রাম এখন পানির নিচে। তারা জানান, বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগ্রলো হলো কুড়ির চর, কলবাড়ি, ঝাউবাড়ি, বারবান্ধা, উওর বারবান্ধা, দক্ষিণ বারবান্ধা, বকবান্ধা, পাটা ধোয়া, খেওয়ার চর, আলগার চর, উওর আলগার চর, লাঠিয়ালডাঙা, ডিগ্রির বিল, লাউবাড়ি, বকবান্ধা নামাপাড়া, কমরভাঙি, যাদুর চর পূর্বপাড়া, যাদুর চর পশ্চিমপাড়া, দুবলাবাড়ি, বাওয়াই গ্রাম, বালুর গ্রাম, নতুন চুলিয়ার চর, কিতাব সরকারের গ্রাম, কাশিয়াবাড়ি, মাদার টিলা, ইছাকুড়ি, বড়াইকান্দি, কড়াইকান্দি, ঠনঠনিপাড়া, সাট ইজলামারী, বোয়াল গ্রাম, মশার খোপ, চাকতাবাড়ি, ত্রিফলগাতি, মীর্জাপাড়া ও পুরাতন যাদুর চর। রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমির আমন ক্ষেত এখন পানির নিচে। শতাধিক পুকুর ডুবে যাওয়ায় প্রায় ৫০ লাখ টাকার মাছ ভেসে গেছে। গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, তারাপুর ও হরিপুরের অন্তত ১৫টি গ্রামের মানুষ পানিবিন্দ হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শামছুল আযম। তিনি বলেন, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পানির তীব্র স্রোতে বাধটির প্রায় পাঁচশ মিটার ধসে এ প্লাবন হয়েছে। শত শত হেক্টর জমিতে সদ্য রোপন করা আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক সর্দার জানান, স¤প্রতি অবিরাম বর্ষণ পাহাড়ী ঢলে সদ্য মেরামতকৃত উপজেলার তারাপুর ইউনিয়নের বেকরির চর এলাকায় বাধটির ফাটল ও ধস দেখা দেয়। গাইবান্ধা পাউবো বিভাগ এ ধ্বস ঠেকাতে ৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করে। কিন্তু পাউবো'র সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বুধবার ঘটনাস্থলে এলেও ওই বস্তা ফেলার জন্য শ্রমিকের সঙ্গে কষাকষির কারণে ঠিক সময়ে বস্তাগুলো ফেলা হয়নি। পানিবন্দি রেদওয়ান হোসেন বলেন, পাউবো'র বালির বস্তাগুলো রাতেই জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় ফেলা হলে এতবড় সর্বনাশ হতো না। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, এই মুহূর্তে বাধের ভাঙন ঠেকানোর কোনো উপায় আমার খুঁজে পাচ্ছি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০০৭ ঘ.