ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর এলাকায় বহুতল ভবনের ওপর থেকে ইট পড়ে মোশারফ হোসেন (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বায়তুল আমান হাউজিং সোসাইটির পদক্ষেপ এনজিও ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোশারফ পদক্ষেপ এনজিও ভবনের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশের সপ্তম তলার ছাদ থেকে একটি ইট মোশারফের ওপর পড়লে তিনি মারাত্মক আহত হন।
"স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মোশারফ মারা যান।"
তিনি জানান, ভবনটি নির্মাণাধীন নয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত মাসে রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশও দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/২২১৯ ঘ.
bdnews24