২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চরম মূল্যের' হুমকি দিলেন মকবুল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেছেন, তা না হলে সরকারকে 'চরম মূল্য' দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেছেন, তা না হলে সরকারকে 'চরম মূল্য' দিতে হবে। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর রমনা থানা শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসন চালাচ্ছে। এক বছর আগে প্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।" ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও বিচারক প্যানেল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরু হয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্ল¬াকে ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকেও এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সালাউদ্দিন কারাগারে এবং আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে রয়েছেন। মকবুল আহমদ বলেন, "দলীয় লোকদের দিয়ে কথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে আমাদের নেতাদের চরিত্র হননের জন্য এ আয়োজন করা হয়েছে। কিন্তু তাদের এ খেলা বেশি দিন চলবে না। বরং জনগণ দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নেতাদের মুক্ত করে আনবে।" ঈদের আগেই জামায়াত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করে ভারপ্রাপ্ত আমির বলেন, "অন্যথায় সরকারকে চরম মূল্য দিতে হবে।" সরকার 'ইসলাম ও ইসলামী শক্তিকে' ভয় পায় বলেই পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে মকবুল বলেন, "ইসলামের কথা বললেই রাজাকার-মৌলবাদী বলে গালি দেওয়া হয়। এর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজা হয়। ইসলামী বই-পুস্তককে জিহাদী বই আখ্যা দিয়ে এর ধারক-বাহকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।" 'ইসলাম বিরোধিতা' বন্ধ করে সরকারকে 'সঠিক পথে' ফেরার আহবান জানান তিনি। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন গঠন করে এ থেকে কল্যাণ লাভের জন্যও সবার প্রতি আহবান জামায়াতের ভারপ্রাপ্ত আমির। 'রমজানের তাৎপর্য' বিষয়ে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯৪৮ ঘ.