২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রশিল্পী ঢালীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার মনোজ কান্তি বড়াল স্কয়ার হাসপাতালে ঢালীর স্ত্রী দিলারা বেগম জলির কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। শনিবার মানিকগঞ্জে ওই দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন প্রাণ হারান। তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও তার স্ত্রী জলিসহ চারজন আহত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক মামুনকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। দুর্ঘটনায় মামুনের নিচের চোয়ালের হাড়ে চিড় ধরে এবং কয়েকটি দাঁত স্থানচ্যুত হয়। এছাড়া তার পাঁজরের আটটি হাড়েও চিড় ধরে। সোমবার তার চোয়াল ও মাড়িতে অস্ত্রোপচার করা হয়। এদিকে মামুনের উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার ব্যাংককে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান ঢালীর বন্ধু ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢালীকে ব্যাংকক হাসপাতালে ভর্তি করা হবে। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালে ঢালীকে ব্যাংকক নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এনআইএইচ/আরএ/১৮০২ ঘ.