২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার উড়োজাহাজ নামলো সৈয়দপুরে

কয়েক বছর বন্ধ থাকার পর ঢাকা-সৈয়দপুর রুটে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নীলফামারী, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক বছর বন্ধ থাকার পর ঢাকা-সৈয়দপুর রুটে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে বেসরকারি সংস্থার একটি উড়োজাহাজ বৃহস্পতিবার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। প্রতি বৃহস্পতিবার এ রুটে ফ্লাইট চলবে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। এর আগে ২০০৮ সালের নভেম্বরে সৈয়দপুরে ফ্লাইট চালু করে ইউনাইটেড এয়ারওয়েজ। তবে পাঁচ মাস পর তা বন্ধ করে দেওয়া হয়। এ রুটে আর কোনো সংস্থা ফ্লাইট পরিচালনা করে না। বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৮ মিনিটে ইউনাইটেড এয়ারওয়েজের যে ফ্লাইটটি নামে, তাতে ছিলেন বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জিএম কাদের। উড়োজাহাজটি বিকাল ৪টায় আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শরিফুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে। বিমানটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা থেকে ছেড়ে রাজশাহী হয়ে আড়াইটায় সৈয়দপুর বিমানবন্দরে নামবে। এরপর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সৈয়দপুর-ঢাকা রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৫০ টাকা। ইউনাইটেড এয়ার ওয়েজের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট সৈয়দপুরে পাওয়া যাচ্ছে বলে জানান শরিফুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪০ ঘ.