চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী পাহাড়তলী থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ১১টার দিকে সিটি গেইট এলাকা থেকে জিহাদুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা গ্রামের রুহুল আমিনের ছেলে।
পাহাড়তলী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাহিদুলের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউণ্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
মোবাইল ফোনের বক্সে ভরে জাহিদুল পিস্তলটি নিয়ে যাচ্ছিলো বলে তিনি জানান।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত জানান, জাহিদুল কোনো সন্ত্রাসী দলের সদস্য কি না এবং এ অস্ত্র কোথা থেকে আনা হয়েছে তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/আরএ/১৪১৮ ঘ.
bdnews24