২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুজির আমির ইয়াহিয়াসহ গ্রেপ্তার ৩

নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির মাওলানা মো. ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলার মামলার পলাতক আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:11 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির মাওলানা মো. ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলার মামলার পলাতক আসামি। তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- ইয়ার মোহাম্মদ (৫৫) ও বাহাউদ্দিন (৩৫)। বৃহস্পতিবার ভোররাতে সিলেট থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে ভৈরব এলাকায় তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মাওলানা ইয়াহিয়া (৬০) ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা এবং কোটালীপাড়ায় বোমা হামলার পরিকল্পনার মামলার আসামি। তবে তিনি পালিয়ে ছিলেন। এ সব মামলার আসামি হুজির সাবেক আমির মুফতি আব্দুল হান্নান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বেলা ১২টায় ইয়াহিয়াসহ তিনজনকে উত্তরায় র‌্যাবের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে সাংবাদিকদের সঙ্গে তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি। পরে এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল জানান, ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার অনেক অজানা তথ্য দিয়েছে ইয়াহিয়া। ধারণা করা হচ্ছে তার কাছে আরো অনেক তথ্য আছে। এজন্য আদালতে পাঠিয়ে হেফাজতে (রিমান্ড) আনা হবে। হুজির আমির শেখ ফরিদ গত ২৬ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর ইয়াহিয়া ওই পদে দায়িত্ব পান বলে জানান সোহায়েল। অস্ত্র চালানো এবং বোমা বিস্ফোরকের ওপর ইয়াহিয়া বিশেষ প্রশিক্ষণ নিয়ে আফগান মুজাহিদের সঙ্গে লিজা, জান্দাদ এবং অলিমকিলা এলাকায় যুদ্ধে অংশ নেয়। তিনি ১৯৯৩ সালে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার শিক্ষার্থীদের কথিত জিহাদের নামে শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিতেন। সোহায়েল বলেন, জিজ্ঞাসাবাদে ইয়াহিয়া জানিয়েছে ২৫ থেকে ৩০ হাজার হুজির সদস্য এখন সক্রিয় রয়েছে। দেশের বাইরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পর্কও বহাল আছে। ২০০৫ সালের ১৭ অক্টোবর হুজি নিষিদ্ধ হওয়ার পর 'ইসলামি দাওয়াতি কাফেলা' নামের একটি সংগঠন তৈরি করে হুজির সমর্থকরা। এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন ইয়াহিয়া। জেএমবি সন্দেহে ২০০৫ সালের ডিসেম্বর মাসে চট্টগ্রামে ইয়াহিয়া একবার গ্রেপ্তার হয়েছিলো জানিয়ে সোহায়েল বলেন, সন্দেহজনকভাবে গ্রেপ্তার হওয়ায় সহজেই জামিনে পেয়ে যায় ইয়াহিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/আরএ/১৫৫৪ ঘ.