নারায়ণগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত ধাতব ও গ্যাসীয় পদার্থ নিঃসরণের মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে নারায়ণগঞ্জের একটি স্টিল মিলকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে দেখা যায়, ওই কারখানায় বায়ুদূষণ নিয়ন্ত্রণের যন্ত্র বন্ধ রাখা হয়েছে। এতে কারখানা থেকে ক্ষতিকর ধোঁয়া সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
বায়ুদূষণ রোধে তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করা হয়। পরবর্তীতে কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরে ডেকে এনে দূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয় এবং বায়ুদূষণের অভিযোগে ওই কারখানাকে জরিমানা করা হয়।
স্টিল মিলের ধোঁয়ার মধ্যে ভারী ধাতব পদার্থ লেড, ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম এবং গ্যাসীয় পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০৩২ ঘ.
bdnews24