২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুন্দলপুরে দৈনিক ১০ মিলিয়ন ঘটফুট গ্যাস মিলবে'

নোয়াখালীর সুন্দলপুর ক্ষেত্র থেকে আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে বাপেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। খনন কাজ শুরুর প্রায় আট মাস পর বুধবার সকালে এই গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুর্তজা আহমেদ ফারুক বলেন, "এই ক্ষেত্র থেকে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছি আমরা।" এই ক্ষেত্রের গ্যাস আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেও জানান তিনি। গত বছরের ২১ ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামে সাড়ে তিন একর জমিতে নতুন এ ক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু হয়। 'সুন্দলপুর তেল, গ্যাস অনুসন্ধান কূপ খনন' প্রকল্পের পরিচালক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ভূ-পৃষ্ঠের ১ হাজার ৪০০ মিটার নিচে গ্যাস মিলেছে।" তিনি জানান, এর আগে দেশে এতো কম গভীরতায় গ্যাস পাওয়া যায়নি। হবিগঞ্জ ক্ষেত্রে গ্যাস পাওয়া যায় ভূ-পৃষ্ঠের ১ হাজার ৫০০ মিটার নিচে। "জরিপে পাওয়া উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে গ্যাস উত্তোলনের জন্য প্রায় ৩ হাজার ৫০০ মিটার গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা ছিলো। কিন্তু ১ হাজার ৪০০ মিটারেই গ্যাস পাওয়া গেছে," বলেন হালিম। পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের কাজ আরো দু'তিন দিন চলবে। এরপর গ্যাসের চাপ পরীক্ষা করে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ এবং মজুদ জানা যাবে। আট মাস আগে খনন কাজ উদ্বোধনের সময়ে প্রকল্প কর্মকর্তা হালিম সাংবাদিকদের জানিয়েছিলেন, ওই কূপে পাঁচ থেকে সাতশ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বাপেক্স পেট্রোবাংলারই একটি সহযোগী প্রতিষ্ঠান। মুর্তজা আহমেদ বলেন, "দীর্ঘ ১৫ বছর পর নতুন ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে সক্ষম হয়েছে বাপেক্স। এটি একটি বড় অর্জন।" সুন্দলপুর ক্ষেত্র নিয়ে দেশে মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা দাঁড়ালো ২৪টিতে। নতুন এই কূপ থেকে উৎপাদন শুরু হলে চালু কূপের সংখ্যা হবে ৮০টি। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম এবং ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় দ্বিতীয় ক্ষেত্রে গ্যাস পায় বাপেক্স। এছাড়া ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হলেও শেষ পর্যন্ত তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। সুন্দলপুর তেল, গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প ২০০৮ সালের ২২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৬৫ লাখ টাকা। তেল-গ্যাস অনুসন্ধান একটি জটিল ও ঝুঁকিপূর্ণ করিগরি প্রক্রিয়া উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক বলেন, "বাপেক্স তিন দফায় যথাক্রমে তিন হাজার ১৯৬ থেকে তিন হাজার ২২০ মিটার, তিন হাজার ১১৮ মিটার থেকে তিন হাজার ১২১ মিটার এবং এক হাজার ৩৯৯ মিটার থেকে এক হাজার ৪০৪ মিটার গভীরতায় তিনটি জোন ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) নির্বাচন করে।" সুন্দলপুর ক্ষেত্রে প্রথম দুটি জোন পরীক্ষায় (টেস্ট) বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি। তৃতীয় জোনে পরীক্ষা চালানো হলে বুধবার গ্যাসের সন্ধান পাওয়া যায় বলে জানান তিনি। 'চট্টগ্রামের গ্যাস সংকট মিটবে' বাপেক্স এমডি বলেন, "সুন্দলপুর ক্ষেত্রের গ্যাস দিয়ে চট্টগ্রামের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছি আমরা। নতুন এই ক্ষেত্র থেকে নোয়াখালীর মাজইদী এবং ফেনীতেও গ্যাস সরবরাহ করা হবে।" বর্তমানে মাজইদী ও ফেনীতে চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। সুন্দলপুর ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন পুরোপুরি শুরু হলে চট্টগ্রাম থেকে এসব অঞ্চলে গ্যাস সরবরাহের প্রয়োজন হবে না বলেই মনে করেন মুর্তজা আহমেদ ফারুক। "সুন্দলপুরের গ্যাস আগামী বছরের মার্চ-এপ্রিলে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেই আমাদের ধারণা," বলেন তিনি। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "আগামী নভেম্বর-ডিসেম্বরে সুনামগঞ্জ-নেত্রকোণায় সুনেত্র গ্যাস ক্ষেত্র, গাজীপুরের কাপাসিয়া এবং কুমিল্লার শ্রীকাইলে অনুসন্ধান কূপ খনন শুরু হবে। আশা করি, সেখানেও আমরা সফল হবো।" তিনি জানান, বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। সে হিসেবে ৫০ কোটি ঘনফুট ঘাটতি থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২১১৩ ঘ.