ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শাহআলী থানার চিলড্রেন পার্কের কাছ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে চিলড্রেন পার্কের দক্ষিণ পশ্চিম দিকে একটি বাড়ির দেওয়ালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) রেবেকা খানম।
তিনি জানান, কালো বোরখা এবং সাদা কালো প্রিন্টের সালোয়ার-কামিজ পরা অজ্ঞাতপরিচয়ের ওই তরুণীর বয়স আনুমানিক ২৮ বছর। লাশের পেটে এবং বুকে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। তার বাঁ হাতের চারটি আঙ্গুল কাটা।
তবে হত্যার কারণ এবং হত্যায় জড়িতদের বিষয়ে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
রেবেকা বলেন, তরুণীর পরিচয় উদঘাটনে তদন্ত চলছে। এর আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এএল/১৯৪১ ঘ.
bdnews24