চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও রেল স্টেশনের আধুনিকীকরণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে নাগরিক উন্নয়ন কমিটির এই কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, মাত্র ৫০ কিলোমিটার দূরে রাজশাহী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু থাকলেও এ জেলা থেকে তা হয়নি। রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী-আমনুরা-রহনপুর রেল পথের সংস্কার ও আধুনিকীকরণের কাজ গত বছর শুরু হয়। কিন্তু আমনুরা জংশনে বাইপাশ তৈরি না করায় এ পথে আন্তঃনগর ট্রেন চালু অনিশ্চিত হয়ে পড়েছে।
শত বছরের পুরনো চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন ভবনটি আধুনিকীকরণের দাবিও জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা ও সদস্য সচিব তৌহিদুুর রহমান।
মানববন্ধন ও সমাবেশ শেষে আয়োজকরা আন্তঃনগর ট্রেন সরাসরি চালু ও চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের আধুনিকীকরণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করে।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, অগাস্ট মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ শেষে সেপ্টেম্বরে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24