ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষকের কাছে ঘুষ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে ধরা পড়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মচারী।
বুধবার তাৎক্ষণিকভাবে ওই কর্মচারীকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, মাউশির কোড পরিবর্তন শাখার অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মনিরুল ইসলাম চট্টগ্রামের এক শিক্ষকের কাছে ১২ হাজার টাকা ঘুষ দাবি করেন।
ঘটনাটি ওই শিক্ষক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে জানালে তাৎক্ষণিকভাবে তিনি তাকে সঙ্গে নিয়ে অভিযুক্ত মনিরুলের সঙ্গে কথা বলে ঘুষ দাবি করার প্রমাণ পান।
এ ঘটনায় মনিরুলকে তাৎক্ষণিক বদলি করে অভিযোগ তদন্তে মাউশি'র পরিচালককে (মাধ্যমিক) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সুবোধ।
কমিটির অন্য সদস্যরা হলেন- মাউশি'র উপপরিচালক (বিশেষ) ও সহকারী পরিচালক (আইন)। কমিটিকে আগামী সাত সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮২৮ ঘ.
bdnews24