চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৪১ জনের মৃত্যুর ঘটনায় ট্রাক চালক মফিজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
মিরসরাই পুলিশের পক্ষ থেকে বুধবার বিকালে তাকে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলে চট্টগ্রামের বিচারিক হাকিম ইব্রাহীম মিয়া তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
এ সময় মফিজকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক অনু মং মারমা।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কে স্কুল ছাত্রদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে ৩৯ স্কুলছাত্রসহ ৪১ জনের মৃত্যু হয়।
নিহতদের অধিকাংশই আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে ফিরছিল।
এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ নিজামী বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেন। ২১ জুলাই বরিশালের কাউনিয়া থানাধীন উলাল বাটনা গ্রাম থেকে ট্রাক চালক মফিজকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭৫৭ ঘ.
bdnews24