কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিহ্নিত হলেও ৩০৮ জন জঙ্গি এখনো রয়েছে কারাগারের বাইরে, যাদের মধ্যে ৭৪ জন সিরিজ বোমা মামলার আসামি। এরা ছদ্মনামে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে বলে র্যাবের ধারণা।
ছয় বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় জঙ্গিদের একযোগে বোমা হামলায় প্রকম্পিত হয়ে উঠেছিলো পুরো দেশ। জঙ্গিদের সংগঠিত হওয়ার এ বিষয়টি সেদিনই প্রকাশ্য হয়।
জঙ্গি দমন অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী অনেককে গ্রেপ্তার করলেও তাদের অনেকেই জামিনে বেরিয়ে আসছেন, পরে আবার যোগ দিচ্ছেন জঙ্গি তৎপরতায়।
আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সিরিজ বোমা হামলার ৭৪ আসামি এখনো পলাতক রয়েছে, এর মধ্যে তিন জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এছাড়া ওই মামলায় গ্রেপ্তার হওয়া জেএমবির ১২ জনসহ মোট ১০১ জন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর মোট ১৩৪ জন জামিনে রয়েছে।
২০০৫ সাল থেকে ২০১১ সালের ২৪ জুলাই পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর মোট ১ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে র্যাব গ্রেপ্তার করে ৭৫১ জনকে, বাকিদের গ্রেপ্তার করে পুলিশ।
র্যাবের তথ্যে বলা হয়, এখনো ১৭৪ জঙ্গি পলাতক রয়েছে, আর জামিনে রয়েছে ১৩৪ জন। অর্থাৎ ৩০৮ জন রয়েছেন বাইরে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক ও জামিন পাওয়া এসব জঙ্গিরা জেলের বাইরে এসে গোপনে স্ব স্ব সংগঠনকে পুনরায় সংগঠিত করার প্রয়াস চালাচ্ছে।
"এছাড়া পলাতক আসামিরা রাজধানী ঢাকাকে জনবহুল এলাকা হিসাবে বিবেচনা করে এবং ঢাকায় কর্মসংস্থানের বেশি সুযোগ থাকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে চাকরি করছে ও সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে", বলেন তিনি।
এর নজির হিসেবে এ মাসেই ঢাকায় দুজনকে গ্রেপ্তারের কথা তুলে ধরেন র্যাব কর্মকর্তা। গত ৪ অগাস্ট বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোখলেসুর রহমান সুমনকে। তিনি টাঙ্গাইলের মধুপুরে ১৭ অগাস্ট বোমামামলার আসামি। নাম ভাঁড়িয়ে খিলগাঁও এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করছিলেন তিনি।
গত ৩ অগাস্ট আগারগাঁওয়ে গ্রেপ্তার হন মেহেরপুরের আনোয়ার জাহিদ। তিনি ১৭ অগাস্ট মেহেরপুর আদালত চত্বরে বোমামামলার আসামি। জামিন নিয়ে নাম গোপন করে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।
সিরিজ বোমার ঘটনায় ১৪২টি মামলা হলেও ছয় বছরে রায় হয়েছে ৭৮টির, ৬৩টি মামলা বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে ১টি মামলা। ওই দিনের ঘটনায় ২৪ জনকে মৃত্যুদণ্ড, ৯২ জনকে যাবজ্জীবন, ৭৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় বলে র্যাব জানিয়েছে।
বোমা হামলায় মোট ৪৪৩ জনকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করলেও এর মধ্যে ১৭১ জন অভিযোগ থেকে অব্যহতি পেয়েছে বলে র্যাব কর্মকর্তা সোহায়েল জানান।
র্যাবের সদর দপ্তর থেকে দেওয়া তথ্য অনুযায়ী, সিরিজ বোমার পর থেকে ২০১১ সালের ২৪ জুলাই পর্যন্ত
bdnews24