২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে নিচু এলাকা প্লাবিত, ফসলের ক্ষতি

পাহাড়ি ঢল ও অতি বর্ষণে দেশের বিভিন্ন স্থানে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফলে আবাদী জমি নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 08:00 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢল ও অতি বর্ষণে দেশের বিভিন্ন স্থানে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফলে আবাদী জমি নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গত দুই দিনে শেরপুরের দুটি উপজেলার ৪৫টি এবং নেত্রকোনায় তিনটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদী ও শরিয়তপুরে নষ্ট হয়ে গেছে জমির ফসল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি জানান, প্রবল বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৪৫টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব এলাকায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঢলে সদ্য রোপা আমন চারা, সবজি ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম জানান, উপজেলার সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে ঢলের তোড়ে মহারশী নদীর রামেরকুড়া, দীঘিরপাড়, জিগাতলা ও হাতিবান্ধা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮টি স্থান ভেঙে গেছে। বাঁধের এসব অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রামেরকুড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে উপজেলা পরিষদ ভবন, রেজিস্ট্রি কার্যালয়, উপজেলা পরিষদ ভবনের সদর রাস্তা, মোল্লাপাড়া, নয়াগাঁও, চাপাঝুড়া, বনকালী, দুধনই, ভাটপাড়া, বৈরাগীপাড়াসহ প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে দীঘির পাড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চতল, রামনগর, সাড়ীকালিনগর, দড়িকালিনগর প্লাবিত হয়েছে। রামেরকুড়া কালভার্ট ধসে যাওয়ায় ঝিনাইগাতী-ফাকরাবাদ সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। ফলে ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাতটি ইউনিয়নে অনেক পুকুরের মাছ ভেসে গেছে। কান্দুলি, বালিয়াগাঁও, কোনাগাঁও, লংকেশ্বর, রাংগামাটি, হাসলিগাঁও, বাতিয়াগাঁও, বালুরচর গ্রামের অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইউএনও রবিউল আলম জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আটশ' হেক্টর জমির রোপা আমন চারা তলিয়ে গেছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারাম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিক আল মাহমুদ জানান, বর্ষণ ও পাহাড়ি ঢলে রাণীশিমুল, সিংগা বরুনা ও খড়িয়া কাজীর চর ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানি দ্রুত সমতলে ধেয়ে আসায় আরো নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ছয়শ' হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে। নেত্রকোনা প্রতিনিধি জানান, দূর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে মুজিবনগর বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার মানুষ। মঙ্গলবার সকাল ৭টার দিকে মুজিবনগর বাঁধ ভেঙে উকিলপাড়া, ঋষিপাড়া ও মুজিবনগর গ্রামের সড়ক তলিয়ে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে বলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খান জানান। ভোলা প্রতিনিধি জানান, প্রবল পানির তোড়ে পাউবোর ভোলা শহর রক্ষা বাঁধের তুলাতলী পয়েন্টে সিসি ব্লক ধসে যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় পাঁচশ মিটার এলাকার সিসি ব্লক ধসে গেছে। ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. মেসবাহুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ভোলা শহর রক্ষা প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে। সেটা অনুমোদন না হলে ধস ঠেকানো যাবে না। নরসিংদী প্রতিনিধি জানান, টানা বর্ষণে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমির শাকসবজি। শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের কৃষক আব্দুল মান্নান (৫০) জানান, গত ১৫ দিনের বৃষ্টিতে এলাকার ফসলী জমি তলিয়ে বেগুন, ঝিঙ্গা, কাকরোলসহ বিভিন্ন গাছের গোড়া পচে গেছে। নরসিংদী কৃষি স