বাগেরহাট, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ দরার অপরাধে এনামূল শেখ (২০) নামে এক জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন কর্মকর্তা মিহির কুমার দো।
এনামূল বাগেরহাটের মংলা উপজেলার বৈদ্যমারী গ্রামের আছর আলী শেখের ছেলে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনামূল কোনো বৈধ অনুমতি ছাড়াই বনে মাছ ধরতে ঢুকেছিলো। তার কাছ থেকে এক বোতল 'সাইফার' কীটনাশক ও কীটনাশক দিয়ে শিকার করা প্রায় তিন কেজি চিংড়ি আটক করা হয়।
এই ঘটনায় বন আইনে মামলা হয়েছে। দুপুরের পর এনামূলকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
মিহির কুমার দো জানান, সুন্দরবন থেকে কীটনাশক দিয়ে মাছ শিকারের প্রবণতা বেড়েছে। চলতি বছর এই নিয়ে ছয়টি ঘটনায় এগারো জনকে আটক করা হয় বলে জানান ওই বন কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০৩৫ ঘ.
bdnews24