২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢালীর চিকিৎসায় প্রধানমন্ত্রীকে চবি শিক্ষকদের চিঠি

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও চিত্রশিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে চবি শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও চিত্রশিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে চবি শিক্ষক সমিতি। চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠি পাঠান। সেকান্দর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনায় চিত্রশিল্পী ও চবি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন গুরুতর আহত। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো প্রয়োজন। "এতে বিপুল পরিমাণ অর্থের দরকার মনে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চিঠি পাঠিয়েছি।" শনিবার মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক মুনীরসহ পাঁচজন। এসময় আহত হন ঢালী আল মামুন ও তার স্ত্রী চিত্রকর দিলারা বেগম জলি এবং তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ। এদের মধ্যে ঢালী এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের শিল্পী ঢালী আল মামুন সাম্প্রদায়িতকতাবিরোধী প্রতিটি গণমুখী ও প্রগতিশীল আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। "তার শিল্পকর্ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত। এরকম এক গুণী শিল্পীর সঙ্কটাপন্ন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতি।' প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়, উন্নত চিকিৎসার জন্য শিল্পী মামুনকে শিগগির বিদেশ পাঠানো প্রয়োজন। প্রধানমন্ত্রীর আর্থিক সহয়তা পেলে আমাদের প্রিয় সহকর্মী মামুনকে ফিরে পাব আমরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/পিডি/২১৫৯ ঘ.