ফরিদপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে বুধবার ফরিদপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
বাদ জোহর ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নূরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তারেকের ছোট ভাই হাবিবুর রহমান মাসুদ বাবু।
তিনি বলেন, "বাবার কবরের পাশেই ভাইয়াকে কবর দেওয়া হবে।"
১৩ অগাস্ট মানিকগঞ্জের জোকায় সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হয়। এ সময় আহত হন তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ চার জন।
ক্যাথরিন মাসুদ আহত হওয়ায় দাফনে সময় নেওয়া হয়েছে বলেও জানান হাবিবুর রহমান মাসুদ।
তারেকের ব্যাক্তিগত সহকারী প্রসূন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘর থেকে মরদেহ ফরিদপুরে নিয়ে যাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৮ ঘ.
bdnews24