২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসু খাঁর আরো তিন মামলা পুনঃতদন্তের আবেদন

কথিত 'সিরিয়াল কিলার' রসু খাঁর বিরুদ্ধে আরো তিনটি হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তবে চাঁদপুরের পপি হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত 'সিরিয়াল কিলার' রসু খাঁর বিরুদ্ধে আরো তিনটি হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তবে চাঁদপুরের পপি হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব মঙ্গলবার চাঁদপুরের পারভীন, রনি ও কোহিনুর হত্যা মামলা পুনঃতদন্তের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসানের আদালতে আবেদন করেন। আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত যথাযথ না হওয়ায় এসব মামলায় পুনঃতদন্তের আবেদন জানিয়েছি। আগামী ২৩ অগাস্ট এ বিষয়ে শুনানি হবে।" বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই তিন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। রসুর বিরুদ্ধে বিচারাধীন পপি হত্যা মামলা বর্তমানে যুক্তি-তর্ক উপস্থাপন পর্যায়ে থাকায় পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক রবিউল হাসান। রাষ্ট্রপক্ষ গত মঙ্গলবার মামলাটি পুনঃতদন্তের আবেদন করেছিল। বুধবার এ মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন হবে বলে মোহাম্মদ আইয়ুব জানান। ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৯ পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে নৃশংসভাবে হত্যার শিকার জাহানারা বেগম, রুনা বেগম, মাসরুরা খাতুন, পারভীন বেগম, শাহানারা খাতুন ও পপির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সে সময় নিহতদের পরিচয় উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় প্রতিটি মামলায় লাশ 'অজ্ঞাতপরিচয়' দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিলো। ২০০৯ সালের ২০ জুলাই টঙ্গীর নিরাশপাড়া মসজিদের ফ্যান চুরির একটি মামলায় রসু খাঁকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর একের পর এক এসব হত্যা মামলার রহস্যজট খোলার খবর দিতে শুরু করে পুলিশ। ১১ নারীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয় রসুর বিরুদ্ধে। কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ১১ নারীকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ জুলাই খুন হন পপি। ওই বছর ২২ জুলাই পপির লাশ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/জেকে/১৮৪১ ঘ.