ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ এবং নৌপরিবহনমন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছে একটি সংগঠন। পাশাপাশি পরিবহনমালিক পক্ষকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সিটিজেন রাইটস মুভমেন্ট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কলামিস্ট আবুল মকসুদ বলেন, "আজকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আজকের বৈঠকে যোগাযোগমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করুন।"
যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সঙ্কটের জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং নৌমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একাংশের সভাপতি শাজাহান খানের দায়িত্ব পালনে 'অবহেলা এবং দুর্নীতি'কে দায়ী করেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারসহ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রক্ষণাবেক্ষণ না করার জন্য ঢাকা-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন সড়কের নাজুক অবস্থা হয়েছে।
সড়ক সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল এর ১৩টি রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। আবুল মকসুদ বাস মালিকদের এ সিদ্ধান্তকে সমর্থন জানান।
যাতায়াত ব্যবস্থার নিরাপত্তাহীনতা এবং একের পর এক সড়ক দুর্ঘটনার জন্য সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করে মকসুদ বলেন, সরকারের সদিচ্ছা থাকলে পরিবহন ব্যবস্থা বেহাল হতো না।
সভায় সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স পরিবহন ব্যবস্থার উন্নয়নের পরামর্শ দেন। বিআরটিসিকে দক্ষ, দুর্নীতিমুক্ত করা এবং এ খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিও জানান তিনি।
পরিবহন খাতকে দুর্নীতির 'আখড়া' উল্লেখ করে দেশপ্রেমিক জনগণের মঞ্চের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, "যোগাযোগ মন্ত্রী বলেছেন, তার খাতে বরাদ্দ নেই- এ কথা সত্য নয়। টাকা রয়েছে ঠিকই তবে তা ইতিমধ্যে বিভিন্ন জনের পকেটে চলে গেছে।"
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী সরদার আমিন, কথাসাহিত্যিক মাহবুব তালুকদার এবং সিটিজেন রাইটস মুভমেন্টের সভাপতি শাহ এনায়েতুর রহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/এমআই/১৮২৬ ঘ.
bdnews24