ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাধীন বিএনপিপন্থী আইনজীবী এম ইউ আহমেদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানিয়ে বলেন, "তাকে সুস্থ অবস্থায় বাসা থেকে ধরা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে তিন ঘণ্টা রাখা হয়। সেখানে কী হয়েছে আমরা জানি না। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।"
"পুলিশ হেফাজতে থাকাকালেই তার এ অবস্থা হয়েছে। তাই সরকারের দায়িত্ব হচ্ছে, অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করা।"
প্রয়োজনে বিদেশে পাঠানোর দাবি জানান আইনজীবী সমিতির সভাপতি।
গত ২ অগাস্ট আদালতে হট্টগোলের ঘটনায় যে দুটি মামলা হয়, তার প্রথমটির আসামি আহম্মেদ। এ মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে। ১১ অগাস্ট রাতে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, "অনেক করেছেন, আইনজীবীদের গায়ে হাত দিয়েছেন। এবার থামুন। কারাবন্দি এই আইনজীবীর কিছু হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৮৩৫ ঘ.
bdnews24