২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরদৌসীর আত্মহনন: মাধবপুরের ওসিসহ ৯ জনকে তলব

গ্রাম্য সালিশে সমাজ্যচ্যুত হওয়ার পর হবিগঞ্জের ফেরদৌসী বেগমের আত্মহত্যার ঘটনায় মাধবপুর থানার ওসিসহ নয় জনকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাম্য সালিশে সমাজ্যচ্যুত হওয়ার পর হবিগঞ্জের ফেরদৌসী বেগমের আত্মহত্যার ঘটনায় মাধবপুর থানার ওসিসহ নয় জনকে তলব করেছে হাইকোর্ট। ওসি ছাড়া আর যাদের তলব করা হয়েছে, তারা হলেন- মাধবপুর থানার সেকেন্ড অফিসার, এক উপপরিদর্শক, মাধবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আন্দিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, সদস্য তপন দে, সালিশে উপস্থিত মলাই মিয়া, আব্দুর রহমান ও করিম খান। তাদের ২৩ অগাস্ট হাজির হয়ে ওই ঘটনায় তাদের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। সোমবার চার সন্তানকে নিয়ে হবিগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দেন ফেরদৌসী। এতে তিনি ও দুই সন্তান মারা যান। আহত হন অন্য দুই সন্তান। গ্রাম্য সালিশে সমাজ্যচ্যুত হওয়ার সিদ্ধান্তের পরই ফেরদৌসী সন্তানসহ ট্রেনে ঝাঁপ দেন বলে স্থানীয়রা জানিয়েছে। ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে তলবের এ আদেশ দেয়। আদালত একইসঙ্গে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না' এবং 'আত্মহত্যাকারী মা ও তার সন্তানদের জীবন রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ নয়,' তাও জানতে চেয়েছে। হাজির হওয়ার দিন বিবাদিদের এ আদেশের জবাব দিতে হবে। সালিশ বন্ধে গত মাসে হাইকোর্টের একটি আদেশ রয়েছে। তার ১৫ দিনের মাথায় হবিগঞ্জের এ ঘটনা ঘটলো। রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলেছে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩১৪ ঘ.