ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর লোকসঙ্গীত গবেষক ও শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তীর মরদেহ সুনামগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
মৃদুল কান্তির ছাত্র সুদীপ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুনামগঞ্জ যাওয়ার পথে সিলেটের শহীদ মিনারে সবার শ্রদ্ধার নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর তার বাড়িতে শেষকৃত্য হবে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃদুল চক্রবর্তী। তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায় ছাত্র-শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা।
প্রয়াত শিক্ষককে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ঢাবি উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, আসাদুজ্জামান নূর প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন পর্বটি আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এর সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয় প্রয়াতের পরিবার ও এক দল শিক্ষার্থী।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হন মৃদুল। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন।
তার চিকিৎসায় ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ 'অবহেলা' দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন ঢাবি উপাচার্যসহ সংস্কৃতিকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৮ ঘ.
bdnews24