ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের অগ্রিম টিকিট রাজধানীর চারটি ডিপোতে বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ সেবা সার্ভিস নামে এ বিশেষ পরিবহন আগামী ২৮ অগাস্ট থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন চালু থাকবে।
মঙ্গলবার সকাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর এবং মিরপুরে (সেকশন-১২) বিআরটিসির চারটি ডিপোতে।
ঢাকার বাইরে আন্তঃজেলা রুটে এ সেবা কার্যক্রম চলবে।
মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর সেকশন ১২, সিবিএস-২ (ফুলবাড়িয়া), গাবতলীর বিআরটিসি বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এ সব বাস ছেড়ে যাবে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান।
সেবা তদারকে কমিটি
বিআরটিসির ডিজিএম (অপারেশন) মেজর কাজী শহীদউদ্দিন আহমেদ জানান, ঈদ সেবা তদারকে একটি বিশেষ কমিটি করা হয়েছে। তথ্য সরবরাহে বিআরটিসির প্রধান কার্যালয়ের অপারেশন বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ (টেলিফোন নম্বর-৯৫৬৪৩৬১) চালু করা হয়েছে ।
এ ছাড়া আগামী ২৮ অগাস্ট থেকে মতিঝিল বাস ডিপোতে আরো একটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ (ফোন নম্বর-৯৩৩৩৮০৩) খোলা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১০৪৫ ঘ.
bdnews24