সাভার, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি এক আইনজীবীর মাইক্রোবাস ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া গাড়ির মালিক ইউসুফ আলী একজন আইনজীবী। তিনি ঢাকা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত।
ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেমায়েতপুর থেকে প্রাইভেটকারটি নিয়ে চালক সাভারের ব্যাংক কলোনী বাড়িতে আসছিল। দুপুর দেড়টার দিকে প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া পৌঁছালে একটি মাইক্রোবাস কারটিকে ব্যারিকেড দেয়।
"তখন গাড়ি থেকে নেমে আসা ছয় ব্যক্তি নিজেদের ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে চালক জয়ন্ত মিয়াকে বের হতে বলে। চালক বের হওয়া মাত্রই তাকে পিস্তল ঠেকিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে আশুলিয়ার দিকে নিয়ে যায়।"
বিষয়টি সাভার থানাকে জানালে তারা আমলে নেয়নি বলে অভিযোগ করেন ইউসুফ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গাড়ি ছিনতাই প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। বিষয়টি আমি পরে দেখব।"
ছিনতাইকারীদের হাত থেকে ছাড়া পাওয়া গাড়িচালক জয়ন্ত মিয়া (৩২) বর্তমানে গাড়ির মালিকের বাসায় রয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিবি পুলিশ পরিচয়ে তারা গাড়িটি থামিয়ে আমাকে বলে তুই গাড়ি ছিনতাই করে এনেছিস।"
"থানায় যেতে হবে বলেই আমাকে পিস্তল ঠেকিয়ে তাদের গাড়িতে উঠিয়ে আশুলিয়ার দিকে নিয়ে যায়। আর এক ব্যক্তি প্রাইভেটকারটি ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।"
জয়ন্ত জানান, মাইক্রোবাসে ওঠানোর পর তারা মারধর করে এবং চোখ বেঁধে আশুলিয়া বেড়ি বাধে ফেলে রেখে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৩১ ঘ.
bdnews24