নোয়াখালী, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (প্রশাসনিক) তার বাড়ি থেকে অপহরণ করেছে জলদস্যুরা।
হাতিয়ার চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামের ইউপি সদস্য আবদুল খালেককে সোমবার ভোরে জনতা বাজার এলাকায় তার বাড়ি থেকে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হাতিয়া থানার ওসি সুভাষ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পরপরই খালেককে উদ্ধারে পুলিশ অভিযান চালালে পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে দস্যুরা ট্রলারে করে খালেককে জাহাজ্জার চরের দিকে নিয়ে যায়।
হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেক মেম্বারকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে।"
খালেকের ছেলে নুরুউদ্দিন চৌকিদার বলেন, মেঘনা নদীর জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তার বাবাকে অপহরণ করেছে।
স্থানীয় বাসিন্দা আবু জাহের ও আব্দুল মতিন জানান, চাঁদার দাবিতে গত শুক্রবার সকালে উপজেলার উরিরচর থেকে দস্যুরা লিটন উদ্দিন (৩০), মো. মফিজ (৩৫), মো. সেলীম (৪৫) ও মো. আলীকে অপহরণ করে। অপহরণের পর সেলীম উদ্দিনের এক হাতের কবজি কেটে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩০১ ঘ.
bdnews24