নোয়াখালী, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপস্থিতিতে কিশোর সামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার জায়গাটি পরিদর্শন এবং পরিবারকে অর্থ পাঠিয়েছেন নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় মো. সিরাজুল ইসলাম প্রথমে কোম্পানীগঞ্জ যাওয়ার কথা অস্বীকার করেন। পরে বলেন, "ঘটনাস্থলে গিয়েছি এবং ডাকাতের গুলিতে নিহত রিক্সাচালক মাসুদের পরিবারকে টাকা দিয়েছি।"
রোববার হাইকোর্টের রুল জারির পরদিন সোমবার মিলনকে হত্যার স্থল চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মিলনের বাড়িতে ১০ হাজার টাকা পাঠান জেলা প্রশাসক।
মিলনের বাড়িতে তিনি আগেও গেছেন এবং অর্থ সাহায্য দিয়েছেন বলে দাবি করেন জেলা প্রশাসক। তবে কবে গিয়েছেন তা জানাতে পারেননি।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, "জেলা প্রশাসক ব্যস্তার কারণে মিলনের বাড়িতে যেতে পারনেনি। মিলনের পরিবারের জন্যে জেলা প্রশাসকের দেওয়া ১০ হাজার টাকা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহেদুল ইসলামকে দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।"
মিলনের মা কহিনুর বেগম টাকা পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, "দুপুর ৩টার দিকে একজন অফিসার এসে টাকা দিয়ে গেছে।"
মিলনের চাচা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসি সাহেব আমাদের বাড়িতে আসবেন বলে ফোনে জানানো হয়েছিল। তাই আমরা সকাল থেকে অপেক্ষায় ছিলাম। পরে শুনলাম তিনি টেকের বাজার পর্যন্ত এসে আবার শহরে ফিরে গেছেন।"
মিলনকে হত্যার ঘটনায় দোষী পুলিশদের কেন শাস্তি দেওয়া হবে না এবং মিলনের পরিবারকে কেন অর্থ সাহায্য দেওয়া হবে না তা রোববার জানতে চেয়েছে হাইকোর্ট।
ডাকাত সন্দেহে পুলিশের গণপিটুনিতে গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে মিলনকে হত্যার ঘটনায় তার মা কহিনুর বেগম বাদী হয়ে ৩ অগাস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত গোয়েন্দা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৪ ঘ.
bdnews24