রংপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে তামাক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠেছে। নিহতের স্বজনরা বলছেন, ওই পুলিশ কর্মকর্তার সহযোগিতায় দুর্বৃত্তরা তাকে খুন করেছে।
লুৎফর রহমান নামে ওই ব্যবসায়ীর বাড়ি সদর উপজেলার পাগলাপীর বেলবাড়ি গ্রামে। তার বাবার নাম আবু তালেব।
এলাকাবাসীর খবরের ভিত্তিতে সোমবার দুপুরে পাগলাপীর এলাকার একটি ধান ক্ষেতে বৈদ্যুতিক খুটিতে ঝুলন্ত অবস্থায় লুৎফরের লাশ উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিবসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
লুৎফর রহমানের স্ত্রী মোহসীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড় মাস তাদের বাড়ি থেকে নগদ ৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছিলো। এসআই আহসান হাবিব মামলাটি তদন্ত করছিলেন। তদন্তের নামে তিনি কয়েকদিন ধরেই লুৎফরকে থানায় ডেকে নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখতেন।
"রোববার সকালেও তাকে ডেকে নেওয়া হয়। বিকাল পাঁচটা পর্যন্ত তিনি থানায়ই ছিলেন।"
"ওই পুলিশ কর্মকর্তার সহযোগিতায়ই দুর্বৃত্তরা তাকে খুন করেছে", যোগ করেন মোহসীনা।
এদিকে, লুৎফর রহমানকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এতে দুপুর ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো।
এসআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) জাকির হোসেন বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার ওসি মো. মাহফিজ বলেন, "লাশ উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার আঘাতে এসআই হাবিবের মাথা ফেটে গেছে। তাকে রংপুর পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২০৮ ঘ.
bdnews24