সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যামেরার কোনো অ্যাঙ্গেলে মিশুক মুনীর কথা বলতে ভালোবাসতেন কিংবা জীবনের ভিউ ফাইন্ডারে চোখ রেখে কোনোদিন আ্যপারচারের হিসেব নিয়েছিলেন কি না- কে জানে! আজ তিনি ফ্রেমে নিবেদিত প্রণতির পঙক্তিমালা।
তবে সুহৃদ মুনীরের কাছে মিশুক মুনীর কেবলই প্রণতির ফ্রেমে বাঁধা পড়ে থাকছেন না। বাবা হারানোর বেদনাকেই শক্তিতে রূপ দিতে চান সুহৃদ।
সোমবার দুপুরে বনানীর বাসায় কথা হয় মিশুক মুনীরের একমাত্র সন্তান সুহৃদ মুনীরের সঙ্গে। জানালেন, বাবাকে হারিয়ে তারা বিপর্যস্ত। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। চেষ্টা করছেন শোককে শক্তিতে পরিণত করার।
"এদেশ আমার দাদাকে নিয়েছে, আমার বাবাকে নিয়েছে। কিন্তু তাতে ভালোবাসা ফুরোয়নি। আমি ঘুরে দাঁড়ানো চেষ্টা করছি। মৃত্যু সবার জীবনেই আসে। আমার-আপনার সবার জীবনেই আসবে। কিন্তু এভাবে বাবার চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছি না।"
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকবাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদররা অত্যন্ত পরিকল্পিত ভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের। ওই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী মুনীর চৌধুরী।
শনিবার মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে জামিরের চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের সঙ্গে সংঘর্ষে চুরমার হয়ে যায় একটি মাইক্রোবাস। নিহত হন মাইক্রোবাস আরোহী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জন। মারা যান মাইক্রোবাসচালকও।
ক্যানাডার ইয়র্ক ইউনির্ভাসিটির গণযোগাযোগ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুহৃদ বললেন, "আমাদের বাসা ছিলো টরোন্টোতে। আর রিয়েল টিভিতে কাজের সূত্রে বাবাকে বেশিরভাগ সময় থাকতে হতো ওয়াশিংটনে। আমি থাকতাম শহরের বাইরে হোস্টেলে। তাই বাবার কাছাকাছি আসার সুযোগ হতো না।"
এর মাঝেই গত ডিসেম্বরে তার বাবা বাংলাদেশে ফিরে আসেন। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় গত ২৮ মে মাসে তার মাকে নিয়ে বাংলাদেশে আসেন সুহৃদ।
মিশুক মুনীরের মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন জানিয়ে তিনি বলেন, "আমার মা, দাদি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমারও কথা বলার ভাষা নেই। তবে তাদের জন্য আমি ঘুরে দাঁড়াচ্ছি। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। মনে হচ্ছে হঠাৎ করে সব কিছু কেমন হয়ে গেলো। এর মাঝেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি।"
বনানীর একতলা বাড়িতে এখন শুধুই শোকের আবহ। মিশুক মুনীরের মা লিলি চৌধুরী, স্ত্রী মঞ্জুলী কাজী, ভাই আসিফ মনির তন্ময়ের স্মৃতিপটে কেবলই মিশুক মুনীর।
চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রদের হতাহতের ঘটনার মতো একই ফ্রেমে বাধা পড়বেন কিনা জানা না থাকলেও ওইদিন মিশুক মুনীর কতো উৎকণ্ঠিত ছিলেন তা বললেন তারা।
স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, "আজ সবই ইতিহাস। যে বিষয়টি নিয়ে তিনি এতো উৎকণ্ঠিত ছিলেন, সেই দুর্ঘটনা তাকে খুব তাড়াতাড়ি নিয়ে গেলো।"
মা লিলি চৌধুরী বলেন, "মিশুক এসএসসি পরীক্ষার আগে আমাকে বললো, মা আমি পরীক্ষা দিবো না। আমি বললাম, পড়াশুনা না করলেতো তোমাকে শ্রমিক হয়ে থাকতে হবে। তখন সে বললো, আমি তাই হবো। ওরা কি মানুষ না?"
মিশুকের দাফন মঙ্গলবার
মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে বনানি কবরস্থানে দাফন করা হবে।
তিনি জানান, তার আরেক ভাই আহমেদ মুনীর ভাসন জাতিসংঘের একটি সংস্থার কাজ সূত্রে সিয়েরালিয়েন থেকে কেনিয়ায় হয়ে বাংলাদেশ ফিরছেন। তার ফেরার পর বিকালে তাদের বাড়িতে এবং পরের দিন রামকৃষ্ণ মিশন রোডে তার শ্বশুর বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০৩৭ ঘ.
bdnews24