২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢালী আল মামুনের অস্ত্রোপচার

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের চোয়াল ও মাড়িতে জটিল অস্ত্রোপচারের পরে অবস্থা স্থিতিশীল হলেও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের চোয়াল ও মাড়িতে জটিল অস্ত্রোপচারের পরে অবস্থা স্থিতিশীল হলেও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢালী আল মামুনের জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারকারী শল্যবিদ অধ্যাপক মতিউর রহমান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে সমস্যা হয়নি। তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আমি আশাবাদী।" আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্যবিদ মতিউরকে দিয়ে বিশেষ ব্যবস্থায় এ অস্ত্রোপচার করিয়েছে স্কয়ার। স্কয়ার হাসপাতালের কর্মকর্তা অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার শারীরিক অবস্থা জটিল, তবে তা স্থিতিশীল। অস্ত্রোপচারের পরে অবস্থার অবনতির কোনো লক্ষণ দেখা যায়নি।" তবে তাকে সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে বলে জানান অধ্যাপক সানোয়ার। দুর্ঘটনায় ঢালীর চোয়ালের হাড়ে চিড় দেখা দেয় এবং কয়েকটি দাঁত স্থানচ্যুত হয়। এছাড়া পাঁজরের আটটি হাড়েও চিড় ধরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই দুর্ঘটনায় আহত ক্যাথরিন মাসুদ ও ঢালীর স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলি রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে এখনো চিকিৎসাধীন আছেন অপর আহত তারেক মাসুদের প্রোডাকশন সহকারী সাইদুল ইসলাম। তিনি কেবিনে রয়েছেন। শনিবার দুর্ঘটনার পর এ চার জনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দুর্ঘটনায়ই প্রাণ হারান ক্যাথরিনের স্বামী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এমআই/২০৪৭ ঘ.