২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের কর্মসূচিতে মেয়র মনজুর

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম। সোমবার সকালে কে বি আবদুস সাত্তার মিলনায়তনে সিটি করপোরেশন আয়োজিত কুরআনে খতম ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। সিসিসি'র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনা সভার কথা উল্লেখ থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কর্মসূচিতে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত থাকলেও বিএনপি সমর্থিতরা কেউ ছিলেন না। মিলাদ মাহফিল শেষে মনজুর আলম সিটি করপোরেশন মিলনায়তন ত্যাগ করেন। গত বছরও সিসিসি'র পক্ষ থেকে আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গত বছর ১৭ জুনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হবার আগে মনজুর আলম আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরপর তিনবার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। মেয়র মনজুর চার দিন আগে নগর বিএনপির ইফতার মাহফিলে ঈদের পর থেকে নিয়মিত সরকারবিরোধী আন্দোলনে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সাধারণত বিএনপির কাউকে এ দিনের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় না। বিএনপি এ দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে, যদিও এ জন্মদিনটি নিয়ে বিতর্ক রয়েছে। মেয়র মনজুরের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নেওয়াকে সরকারি কাজের অংশ বলে মনে করেন চট্টগ্রাম নগর বিএনপির নেতারা। নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশন একটি সরকারি প্রতিষ্ঠান। মেয়র হিসেবে তিনি সরকারি নির্দেশনা পালন করছেন। তার দলীয় অবস্থান ভিন্ন।" তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, "এখন তো আর তিনি (মেয়র) আওয়ামী লীগে নেই। সে সব পুরোনো কথা।' তবে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন ভিন্ন কথা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনার (মেয়র মনজুর) ব্যাপারটা বুঝতে পারছি না। উনি দুই দিকেই কাজ করছেন।" মেয়র হিসেবে সরকারি কর্মসূচি পালনের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে অনুসরণ করতে মনজুর আলমের প্রতি আহ্বান জানান শাহাদাত। জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন প্রসঙ্গে মেয়র মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় শোক দিবসে আমি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছি মাত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটিকম/সিএম/এমসি/এমআই/১৩৩৫ ঘ.