২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস খাদে, আহত ৭

সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে একটি বাস খাদে পড়ে সাত জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে একটি বাস খাদে পড়ে সাত জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বড় কুমিরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দমকল বাহিনী ও পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- আমিনুর রহমান (৩০), আনোয়ারুল ইসলাম (২০), আশরাফ (৫০), আবু বক্কর সিদ্দিক (৩৫), মুজিবুল (২২), তুহিন (২০) ও এনামুল (৩৫)। আহত সাত জনই নওগাঁ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দমকল বাহিনীর কুমিরা স্টেশনের লিডার রিপন মালাকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতি পরিবহনের বাসটি বড় কুমিরা এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশের খাদে পড়ে যায়। আহত সাত জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত সাত জনই হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন আছেন। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৩১০ ঘ.