যশোর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে সিরিজ বোমা হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুজ্জামান প্রবালকে যশোরের শর্শা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তারিক আজিজ জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট নড়াইলে বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রবাল শার্শায় আত্মগোপন করেছিলো। রোববার উপজেলার কাগজপুকুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিজেকে পাখি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও প্রবাল মূলত অস্ত্র ব্যবসা করতো বলে জানান এই র্যাব কর্মকর্তা।
লে. কর্নেল আজিজ আরো জানান, নিজেকে 'তাওহিদের ডাক' নামে একটি সংগঠনের যশোর জেলা প্রধান বলে প্রবাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার কাছ থেকে পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ধর্মীয় উস্কানিমূলক বইপত্র উদ্ধার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮১৪ ঘ.
bdnews24