মানিকগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে দুই গাড়ির চালককে দায়ী করেছে তদন্ত কমিটি।
রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটি প্রধান সড়ক ও জনপথ অধিদপ্তরের (ঢাকা সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, "দুর্ঘটনা স্থলের প্রায় ৫০ গজ আগে একটি মোড় আছে। যাত্রীবাহী বাসটির অতিরিক্ত গতি ছিল। ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ডিলাক্স পরিবহনের বাসটি রাস্তার ডান পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।"
মাইক্রোবাস চালকের গতিও দ্রুত ছিলো উল্লেখ করে তিনি বলেন, "মাইক্রোবাসটিও অন্য একটি বাসকে পাশ কাটাতে যেয়ে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলো।"
মানিকগঞ্জে দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি রোববার বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল ঘিওর উপজেলার জোকা এলাকা পরিদর্শন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন-সড়ক ও জনপথ অধিদপ্তরের (নকশা বিভাগ- ঢাকা সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল হক ও নির্বাহী প্রকৌশলী সবুজউদ্দিন খান (মানিকগঞ্জ সার্কেল)।
কমিটির সদস্যরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। তারা স্থানীয় সাংবাদিক, প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় শনিবার রাতে ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.লুৎফর রহমান বাদি হয়ে মামলা করেছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন স্টেশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক (মিশুক) মুনীরসহ পাঁচ জন মারা যায়।
অপর তিনজন হলেন, মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।
ওইদন সন্ধ্যায় দুর্ঘটনার কারণ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে সড়ক ও জনপথ অধিদপ্তর। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুর্ঘটনায় আহত তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং চিত্রকর ঢালী আল-মামুন ও তার স্ত্রী চিত্রকর দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও আহত হন এ দুর্ঘটনায়। তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/জিএনএ/১৫৩৯ ঘ.
bdnews24